ঘন কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথ সাময়িক বন্ধ রাখা হয়েছে। পদ্মা নদীতে কুয়াশার পরিমাণ বেড়ে যাওয়ায় ফেরির মার্কিং বাতির আলো অস্পষ্ট হয়ে যায়। পরে মাঝ পদ্মায় যানবাহন বোঝাই চারটি ফেরি নৌঙর করে। এ কারণে নৌপথে দুর্ঘটনা এড়াতে শনিবার রাত সাড়ে ১০টার দিকে ফেরি চলাচল বন্ধ করে দেয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
শনিবার রাত সাড়ে ১০টার দিকে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয়ের বাণিজ্য শাখার উপমহাব্যবস্থাপক (ডিজিএম) শাহ মো. খালেদ নেওয়াজ বিষয়টি নিশ্চিত করেছেন।
ফেরিঘাট সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রাত সাড়ে ৯টার পর থেকে পদ্মা নদীতে কুয়াশা বাড়তে থাকে। পরে রাত সোয়া ১০টার দিকে ঘন কুয়াশার পরিমাণ বেড়ে যাওয়ায় ফেরির মার্কিং বাতির আলো অস্পষ্ট হয়ে যায়। এতে মাঝ পদ্মায় যানবাহন ও যাত্রী নিয়ে শাহ পরাণ, বীর শ্রেষ্ঠ মতিউর রহমান, শাহ মকদুম ও হাসনা হেনা নামের চারটি ফেরি আটকা পড়ে। পরে নৌপথে দুর্ঘটনা এড়াতে রাত সাড়ে ১০টার দিকে চলাচল সাময়িকভাবে বন্ধ করা হয়।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয়ের উপমহাব্যবস্থাপক (বাণিজ্য) শাহ মো. খালেদ নেওয়াজ বলেন, বেশ কয়েকদিন ধরে ঘন কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ রাখতে হচ্ছে। প্রায় প্রতিদিনই চার থেকে পাঁচ ঘণ্টা বন্ধ থাকছে ফেরি চলাচল। গত ডিসেম্বর থেকে এ পর্যন্ত ঘন কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথের পাটুরিয়া প্রান্তিকে মোট ৫২ ঘণ্টা ফেরি সার্ভিস বন্ধ ছিল। নৌপথে ছোট বড় মিলে ১১টি ফেরি চলাচল করছে।
তবে নদীতে কুয়াশার প্রকোপ কমে গেলে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে পুনরায় ফেরি চলাচল শুরু করা হবে। ফেরি চলাচল স্বাভাবিক হলে ঘাট এলাকায় আটকে থাকা যানবাহনগুলোকে সিরিয়াল অনুযায়ী পার করা হবে বলেও তিনি জানান।
অন্যদিকে ঘন কুয়াশার কারণে আরিচা-কাজিরহাট নৌপথে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রয়েছে। নৌপথে ফেরি মার্কিং বাতির আলো অস্পষ্ট হয়ে যাওয়ায় মাঝ নদীতে দুটি ফেরি আটকা পড়েছে। পরে নৌপথে দুর্ঘটনা এড়াতে রাত সোয়া ৯টার দিকে ফেরিসহ সব নৌযান বন্ধ করে দিয়েছে ঘাট কর্তৃপক্ষ।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051