‘কটূক্তি করা বাদ দেন, মিথ্যাচার করা বাদ দেন, মানুষের সমস্যা সমাধান করার দিকে আসেন’ উল্লেখ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ব্যর্থতার জন্য আওয়ামী লীগ সরকারের পদত্যাগ করা উচিত। একটি সুষ্ঠু নির্বাচন কমিশন গঠন করুন যারা নিরপেক্ষ থাকবে ও নিরপেক্ষ নির্বাচন দিয়ে দেশটাকে রক্ষা করবে। আপনারা মানুষকে রক্ষা করুন না হলে এই মানুষই আপনাদেরকে ঘাড় ধরে নামাবে।
মঙ্গলবার দুপুরে ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় হলরুমে বিএনপি’র উপজেলা শাখার’র উদ্যোগে সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের সমন্বয়ে দিক নির্দেশনামূলক মতবিনিময় সভায় বক্তব্যে এসব বলেন তিনি।
সকলকে সংগঠিত হওয়ার আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন, নিজেদের ভুলত্রুটি ভুলে গিয়ে সংগঠিত হয়ে দুর্বার আন্দোলনের জন্য প্রস্তুত হোন। সকল কলেজে সংগঠন তৈরি করতে হবে। যুবক, ছাত্র, তরুণরা ছাড়া পরিবর্তন আসে না আর এরাই এই দেশে আন্দোলনের মাধ্যমে পরিবর্তন নিয়ে আসবে। আমরা এই দানব সরকারকে পরিবর্তন করতে সক্ষম হব।
করোনা এসে সরকারের সুবিধা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, প্রধানমন্ত্রী ২ বছর করোনায় গণভবন থেকে বের হন নাই। সাধারণ মানুষ তো ঘরে বসে থাকলে চলবে না। সরকার ঘরে বসে থাকছে আর আমাদের হুশিয়ারি দিচ্ছে বাহিরে না বের হওয়ার। সভা সেমিনার কেও করতে পারবা না, করলেই আবার গ্রেফতার করতেছে।
বিএনপির মহাসচিব পুলিশের সমালোচনা করে বলেন, মাছের রাজা ইলিশ, আর বর্তমানে দেশের রাজা পুলিশ। বর্তমান পুলিশ এর নামে কোটি কোটি টাকার সম্পত্তি। পুলিশ নিজেই এখন চুরি করে, অপহরণ করে। পুলিশ তো গর্ব করে বলে এই সরকারকে জয়ী করেছে পুলিশ। তাই দেশকে বাঁচাতে, দেশের মানুষকে বাঁচাতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনের জন্য প্রস্তুত থাকতে হবে।
এসময় আরো উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান, সহ-সভাপতি আল মামুন আলম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ফয়সাল আমিন, অর্থ সম্পাদক শরিফুল ইসলাম শরিফ, বালিয়াডাঙ্গি উপজেলা বিএনপির সভাপতি রাজিউর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক ডক্টর টি এম মাহবুবর রহমানসহ উপজেলা বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
ভিন্নবার্তা ডটকম/এন
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051