মাগুরার শালিখায় উপজেলা ছাত্রলীগ সভাপতি মোজাহার বিশ্বাসের বদলে প্রক্সি হিসেবে এসএসসি ভোকেশনাল পরীক্ষায় অংশ নিতে যায় আল আমিন নামে এক কলেজছাত্র। এ ঘটনায় আল আমিনকে আটকের পর এক বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
শালিখা উপজেলার শ্রীহট্ট গ্রামের আকতার মোল্যার ছেলে আল আমিন মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের বিজ্ঞান বিভাগের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী।
শালিখার সিংড়া তিলখড়ি মাধ্যমিক বিদ্যালয়ের কেন্দ্র সচিব কুমুদ রঞ্জন বিশ্বাস জানান, শালিখার শ্রীহট্ট মাধ্যমিক বিদ্যালয়ের ভোকেশনাল শাখার শিক্ষার্থী মোজাহার বিশ্বাস এ বিদ্যালয় কেন্দ্রের একজন পরীক্ষার্থী। কিন্তু আল আমিন পরীক্ষার প্রথম দিন থেকেই মোজাহার বিশ্বাসের পক্ষে পরীক্ষা দিয়ে আসছিল। বিষয়টি জানতে পেরে মঙ্গলবার পরীক্ষা চলাকালে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। পরে দুপুরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আল আমিনকে দোষী সাব্যস্ত করে এক হাজার টাকা জরিমানা ও এক বছরের কারাদণ্ড দেন।
পাবলিক পরীক্ষাসমূহ (অপরাধ) আইনে তাকে এই দণ্ড দেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন শালিখা উপজেলা ভূমি অফিসার তিথি মিত্র।
এ বিষয়ে শালিখা উপজেলা ছাত্রলীগ সভাপতি মোজাহার বিশ্বাসের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।
ভিন্নবার্তা ডটকম/আর
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051