ঝিনাইদহের মহেশপুর সীমান্তের বাঘাডাঙ্গা এলাকায় ভারতের অভ্যন্তরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে মিকাইল হোসেন (২৫) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন।
সোমবার (১৩ ডিসেম্বর) সকালে নিহতের মামাতো ভাই মুছা নুর মল্লিক এ তথ্য নিশ্চিত করেন।
মিকাইল উপজেলার বাঘাডাঙ্গার জিনজিরা পাড়ার রুহুল আমিনের ছেলে।
নিহতের মামাতো ভাই মুছা নুর মল্লিক জানান, কয়েকদিন আগে মিকাইলসহ আরও কয়েকজন গরু আনতে সীমান্ত পার হয়ে ভারতে যান। বৃহস্পতিবার রাতে গরু নিয়ে পশ্চিমবঙ্গের নদীয়া জেলার টেংরাখাল ব্রিজ এলাকা দিয়ে তারা দেশে ফেরার চেষ্টা করছিল। এসময় নদীয়ার শিলবাড়ি বিএসএফর টহল দলের সামনে পড়লে তারা বাংলাদেশিদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এসময় অন্যরা পালিয়ে আসলেও মিকাইল নিখোঁজ হয়।
ঘটনার চারদিন পর রোববার বিকেলে সীমান্তবর্তী টেংরা খালে তার মরদেহ ভেসে ওঠে। খবর পেয়ে নদীয়া জেলার হাঁসখালী থানা পুলিশ মরদেহ উদ্ধার করে নিয়ে যায়।
নেপা ইউনিয়নের চেয়ারম্যান শামসুল আলম জানান, ১০/১২ জন গরু আনতে ভারতে যান। গরু নিয়ে ফেরার পথে বিএসএফ তাদের লক্ষ্য করে গুলি করে। এ ঘটনার পর অন্যরা ফিরে এলেও মিকাইল ফিরে আসেনি।
এ ব্যাপারে বিজিবির ঝিনাইদহের খালিশপুর ৫৮ ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল শাহিন আজাদ জানান, সকালে বিভিন্ন লোক মাধ্যমে এ খবর শুনেছি। আমাদের কাছে এ বিষয়ে কোনো তথ্য এখনও আসেনি। আমরা বিএসএফর সঙ্গে যোগাযোগ করছি। তথ্য পেলে পরে জানানো হবে।
ভিন্নবার্তা ডটকম/এন
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051