সাভারের বাইপাইল-আব্দুল্লাহপুর মহাসড়কে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। লকডাউন ও বৃষ্টিতে লোকাল বাস, ট্রাক, মিনিট্রাক ও মাইক্রোবাসের চাপ বৃদ্ধির কারণে এ যানজট সৃষ্টি হয়েছে। ফলে সাধারণ মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে। এদিকে, সড়কে গণপরিবহন না থাকায় কয়েকগুণ বেশি ভাড়া দিয়ে বাড়ি ফিরছে মানুষ।
বুধবার (৩০ জুন) রাত ৮টার পর থেকে আশুলিয়ার বাইপাইল থেকে আব্দুল্লাহপুর সড়কের বেশিরভাগ জায়গায় তীব্র যানজট দেখা যায়। একদিকে সড়কে যানজট, অন্যদিকে বৃষ্টির কারণে মানুষের ভোগান্তি চরমে পৌঁছে।
বাইপাইল-আব্দুল্লাহপুর মহাসড়কের জিরাবো এলাকায় দেখা যায়, সড়কের উভয়পাশে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। সন্ধ্যার পর থেকেই সড়কে বিভিন্ন পরিবহন বেড়ে যায়। মিরপুর থেকে আসা ট্রাক ড্রাইভার আসাদ মিয়া বলেন, প্রায় দেড় ঘণ্টা ধরে যানজটে আটকে আছি।
জহির নামে অপর এক ট্রাক চালক বলেন, সরকার লকডাউন দেয়ায় সড়কে গাড়ি এবং যাত্রী বেড়েছে। ঘণ্টার পর ঘণ্টা যাচ্ছে এখনও ঢাকায় পৌঁছাতে পারছি না।
ঢাকা জেলা ট্রাফিক পুলিশের পরিদর্শক আব্দুস সালাম বলেন, লকডাউন কারণে সড়কে গাড়ির চাপ বেড়েছে। এছাড়া বৃষ্টির কারণে সড়কের বিভিন্ন স্থানে পানি জমে থাকায় সেসব জায়গা দিয়ে কোন গাড়ি যাচ্ছে না। ফলে যানজটের সৃষ্টি হয়েছে। তবে বৃষ্টি
কমলে যানজটও কমবে বলে আশা প্রকাশ করেন তিনি।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051