ভারতের অরুণাচল প্রদেশের মান্ডালায় মহড়া চলাকালে ভারতীয় সেনাবাহিনীর একটি চিতা হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এই ঘটনায় লেফটেন্যান্ট কর্নেল ও মেজর পদমর্যাদার দুই পাইলট প্রাণ হারিয়েছেন। খবর এএনআই।
সেনাবাহিনী সূত্র জানায়, স্থানীয় সময় বৃহস্পতিবার সকাল ৯টা ১৫ মিনিটের দিকে হেলিকপ্টারটি এয়ার ট্র্যাফিক কন্ট্রোল (এটিসি) থেকে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। পরে সেটি বমডিলার পশ্চিমে মান্ডালা পাহাড়ে বিধ্বস্ত হয়েছে বলে খবর পাওয়া যায়। এরপর সেখানে পাঁচটি রেসকিউ পার্টি পাঠানো হয়। হেলিকপ্টারটির উভয় পাইলটই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। তারা হলেন, লেফটেন্যান্ট কর্নেল ভিভিডব্লিউ রেড্ডি এবং মেজর জয়ন্ত।
অরুণাচল প্রদেশের পুলিশ জানায়, ওড়ার পর সেঙ্গে গ্রামের কাছে মিসামারিতে এটিসির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় হেলিকপ্টারটির। পরে দুপুর সাড়ে ১২টা নাগাদ বাংজালেপ গ্রামের বাসিন্দারা স্থানীয় থানায় জানান, তারা তাদের গ্রামে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হতে দেখেছেন।
ঘটনার পরপরই জনসংযোগ কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল মহেন্দ্র রাওয়াত জানান, বমডিলায় ওই হেলিকপ্টারটির মহড়া চলছিল। সকাল সোয়া ৯টা নাগাদ এটিসির সঙ্গে হেলিকপ্টারটির যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। প্রাথমিকভাবে জানা গেছে, হেলিকপ্টারটি মান্ডালায় ভেঙে পড়েছে। এর পরপরই হেলিকপ্টারের খোঁজে ওই এলাকায় উদ্ধারকারী দল পাঠানো হয়েছে।
গত বছরই অরুণাচল প্রদেশের টুটিংয়ে সেনাবাহিনীর হেলিকপ্টার দুর্ঘটনা ঘটেছিল। সেই ঘটনায় নিহত হয়েছিলেন পাঁচজন। তখন দুর্ঘটনার সম্ভাব্য কারণ হিসেবে দায়ী করা হয়েছিল প্রযুক্তিগত সমস্যাকে।
ভারতীয় বিমানবাহিনী ও সেনাবাহিনীতে দীর্ঘদিন ধরে চেতক ও চিতা হেলিকপ্টারগুলো ব্যবহার করে আসছে। বর্তমানে প্রায় ২০০টি এ ধরনের হেলিকপ্টার দেশটির সামরিক বাহিনীর পরিষেবায় যুক্ত রয়েছে। সীমান্তঘেঁষা উঁচু এলাকার জন্য এসব হেলিকপ্টারই উপযোগী। তবে সময়ের বিবেচনায় এগুলোর অবস্থা তেমন ভালো নয় বলে সেনাবাহিনীর পক্ষ থেকে অনেক আগেই জানানো হয়েছে।
ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051