টাঙ্গাইলের গোপালপুরে মসজিদে নামাজ পড়তে গিয়ে প্রতিপক্ষের হামলায় আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় রওশন আলী (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। শুক্রবার দুপুরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। পৌরশহরের কাচারীপাড়া মসজিদে দু’পক্ষের সংঘর্ষে এ ঘটনা ঘটে।
মৃত্যুর খবরে এলাকাবাসী শহরের প্রধান সড়কে গাছের গুঁড়ি ফেলে অবরোধ করে বিক্ষোভ করেন। পুলিশ খুনের সঙ্গে জড়িত সন্দেহে দুইজনকে আটক করেছে।
গোপালপুর থানার ওসি মোশারফ হোসেন জানান, পূর্বশত্রুতার জের ধরে গত বুধবার ওই মহল্লার রওশন আলীর স্বজনদের সঙ্গে পড়শি সোহেলদের মারামারি হয়। এতে তিনজন আহত হন। সন্ধ্যায় কাচারীপাড়া মসজিদে নামাজ পড়তে গেলে প্রতিপক্ষের সোহেল ও আলাদিনের নেতৃত্বে ৪-৫ জন রওশন আলীকে মসজিদের ভিতরে বেদম পেটায়। গুরুতর আহত রওশন আলীকে প্রথমে গোপালপুর হাসপাতালে এবং পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
নিহত রওশন আলীর পুত্র মোজাম্মেল মিয়া জানান, বৃদ্ধ মানুষটিকে অমানুষিকভাবে পেটানো হয়। চিকিৎসার ত্রুটি ছিল না। শুক্রবার দুপুরে তার পিতা ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
এদিকে তার মৃত্যুর খবরে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। রওশন আলী হত্যার বিচারের দাবিতে মহল্লাবাসী শহরের নন্দনপুর এলাকায় প্রধান সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। পরে স্থানীয় প্রশাসন খুনিদের গ্রেফতার ও বিচারের আশ্বাস দিলে অবরোধ তুলে নেওয়া হয়।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051