নরসিংদীতে মশার ওষুধের বিষক্রিয়ায় স্কুল চলাকালে ১০ শিক্ষার্থী গুরুতর অসুস্থ হয়ে পড়েন। শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়লেও তাদের দ্রুত হাসপাতালেও নেওয়া হয়নি বলে অভিযোগ করেছেন অসুস্থ শিক্ষার্থীরা।
শিক্ষার্থীদের অভিযোগ, অসুস্থ হওয়ার পর তাদের ক্লাশ রুমে আটকে রাখা হয়। শিক্ষার্থীরা হৈচৈ শুরু করলে পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসার পাশাপাশি বেশ কয়েকজন শিক্ষার্থীকে অক্সিজেন দেওয়া হয়।
বুধবার দুপুরে নরসিংদী বালিকা উচ্চ বিদ্যা নিকেতন স্কুলে এ ঘটনা ঘটেছে। অসুস্থ হয়ে পড়া শিক্ষার্থীরা হলো- ৭ম শ্রেণীর জান্নাত, আয়েশা, তুবা ও ৬ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী আলতা, তামান্না, সোহানা, হামিদা, সাইদা, নুসরাত ও মুক্তা।
স্কুল সূত্রে জানা যায়, সম্প্রতি নরসিংদীতে ডেঙ্গু আত্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। ফলে মসক নিধন কার্যক্রম হাতে নেয় পৌর কতৃপক্ষ। এরই অংশ হিসেবে নরসিংদী পৌরসভার পক্ষ থেকে দুপুরে নরসিংদী বালিকা উচ্চ বিদ্যানিকেতন, মহিলা কলেজ ও শিউলিবাগ বিদ্যাপীঠ স্কুল প্রাঙ্গণে মশা নিধনের ঔষধ ছিটানো হয়। ওই সময় নরসিংদী বালিকা উচ্চ বিদ্যানিকেতনে ক্লাস চলছিল।
ওষুধ ছিটানোর কিছুক্ষণ পর স্কুলের ৬ষ্ঠ ও ৭ ম শ্রেণীর প্রায় ১০ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। তখন স্কুলের প্রধান শিক্ষক তাদের ক্লাসের বাহিরে বের হতে নিষেধ করেন। পরে ছাত্রীরা হৈ-হুল্লোড় শুরু করেন। এরই মধ্যে কয়েকজন শিক্ষার্থীর শ্বাসকষ্ট শুরু হয়। পরে তাদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসা শেষে তাদের ছেড়ে দেওয়া হয়।
অসুস্থ হয়ে পড়া ৭ম শ্রেনীর শিক্ষার্থী তুবা জানায়, স্কুল চলাকালীন স্কুলের ভেতর মশা মারার ওষুধ দেওয়া হয়। ওষুধ দেয়ার পরপরই আমার শ্বাস নিতে কষ্ট হচ্ছিল। তখন স্যার আমাদের স্কুলের জানালা খুলে দিতে বলেন। আমরা বাহিরে বের হতে চাইলে আমাদের ক্লাস থেকে বের হতে দিচ্ছিল না। পরে চিৎকার চেচামেচি শুরু করলে অসুস্থ ছাত্রীদের হাসপাতালে আনা হয়।
নরসিংদী সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. বিপাশা মাসুদ ছাত্রীদের অসুস্থ হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, মশার ওষুধের বিষক্রিয়ার ফলেই শ্রেণিকক্ষে থাকা ছাত্রীরা শ্বাসকষ্টজনিত রোগে অসুস্থ হয়ে পড়েছিল।
স্কুলের প্রধান শিক্ষক তুষার কান্তি ঘোষ বলেন, পৌরসভার পক্ষ থেকে স্কুলে মশা মারার ওষুধ দেওয়া হয়। এতে কয়েকজন ছাত্রী অসুস্থ হয়ে পড়লে তাদের হাসপাতালে নিয়ে চিকিৎসা দেই। মশা মারার ওষুধ দেওয়ার বিষয়ে স্কুল কর্তৃপক্ষ কিংবা আমাদের পৌরসভা থেকে অবহিত করা হয়নি। তবে এখন সব শিক্ষার্থী ভালো এবং সুস্থ আছে। সবাই প্রাথমিক চিকিৎসা নিয়ে বাসায় চলে গেছে।
অসুস্থ হয়ে পড়ার পর শিক্ষার্থীদের ক্লাসে আটকে রাখার বিষয়ে তিনি বলেন, ছাত্রীদের আটকে রাখা হয়নি। মশার ওষুধ ছিটানোর কারণে তাদের যেন তীব্র শ্বাসকষ্ট না হয় সেজন্য ক্লাসরুমের ভেতরে থাকতে বলা হয়েছে।
এ ব্যাপারে নরসিংদী পৌর মেয়র আমজাদ হোসেন বাচ্চু বলেন, শহরে এডিস মশার সংখ্যা বেড়ে যাওয়ায় মশা নিধনে আমরা শহরের বিভিন্ন স্থানে ওষুধ ছিটানো কাজ শুরু করি। তবে এ ওষুধে বিষক্রিয়া হওয়ার বিষয়টি আমার জানা নেই। কেন বিষক্রিয়া হচ্ছে সেটা চিকিৎসকরা ভালো বলতে পারবেন।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051