ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের ডাক্তার মিলন ছাত্রাবাস থেকে চৌধুরী আরেফিন (৩০) নামে এক ইন্টার্ন (শিক্ষানবিশ) চিকিৎসকের মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল বুধবার রাত সাড়ে ৮টার দিকে ছাত্রাবাসের ২০৭ নম্বর কক্ষে থেকে এই ইন্টার্ন চিকিৎসকের মরদেহ উদ্ধার করা হয়।
এ সময় চৌধুরী আরেফিনের রুম থেকে সাত অ্যাম্পল ঘুমের ইনজেকশন ডায়াজিপাম এবং বেশকিছু সিগারেট উদ্ধার করা হয়েছে।
কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহ কামাল আকন্দ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মঙ্গলবার নাইট ডিউটি শেষ করে সকালে ছাত্রাবাসের ২০৭ নম্বর কক্ষে এসে দরজা আটকে ঘুমিয়ে পড়েন আরেফিন।
এরপর থেকে রুমের দরজা না খোলায় এবং কোনো সাড়াশব্দ না পাওয়ায় বুধবার রাত সাড়ে ৮টার দিকে হাসপাতাল কর্তৃপক্ষ এবং পুলিশ ফাঁড়ির পুলিশ সদস্যরা এসে দরজা ভেঙে দেখতে পান বিছানায় মরদেহ পড়ে আছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ওসি আরও জানান, কোনো সমস্যার কারণে অতিরিক্ত ঘুমের ইনজেকশন নেওয়ার ফলে তার মৃত্যু হয়ে থাকতে পারে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যা। তবে তদন্তের পরই কারণ নিশ্চিত হওয়া যাবে।
মমেক হাসপাতালের সহকারী পরিচালক ডা. জাকিউল ইসলাম বলেন, ‘রাত সাড়ে ৮টার দিকে চৌধুরী আরেফিনের মৃত্যুর সংবাদ পেয়ে আমরা ছুটে আসি। তবে কী কারণে তিনি আত্মহত্যা করেছেন বিষয়টি পুলিশ তদন্ত করলে বেরিয়ে আসবে।’
ভিন্নবার্তা ডটকম/এসএস
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051