
মালদ্বীপে এক বিভীষিকাময় রাত পার করেছেন বসুন্ধরা কিংসের ফুটবলাররা। মোহনবাগানের বিপক্ষে ১-১ গোলে ড্র ম্যাচ যেন পুরো দলকে ভাসিয়ে দিয়েছে শোকসাগরে। মাঠ থেকে ফিরে তাঁদের নাওয়া-খাওয়াও ঠিকমতো হয়নি। এরপর ঘুম-নির্ঘুম রাতে বারবার হানা দিয়েছে ওই স্বপ্নভঙ্গের ম্যাচ আর লাল কার্ড।
ওই লাল কার্ডের অপরাধবোধে সুশান্ত ত্রিপুরা এমনই কুঁকড়ে গেছেন যে ম্যাচ শেষে তাঁকে আর দেখাই যায়নি। হোটেলরুমেই এই মিডফিল্ডার চোখের পানি আর আফসোসে পার করে দিয়েছেন নির্ঘুম রাতটি। বসুন্ধরা কিংস লিড নেওয়ার পর প্রথমার্ধের শেষ দিকে ‘কমন’ বলে হেড করতে গিয়েছিলেন সুশান্ত ও মোহনবাগানের শুভাশীষ। এই ভারতীয় ডিফেন্ডার রীতিমতো সুশান্তের কাঁধে চড়ে বসেছিলেন। কিন্তু ওমানি রেফারি ফাউল দিলেন উল্টো! যদি ফাউলও হয়ে থাকে সেটা বড়জোর হলুদ কার্ডের। সুশান্তকে লাল কার্ড দেখিয়ে রেফারি কাসিম আল-হাতমি হতবাক করে দেন সবাইকে! একটি দলকে কিংবা একটি ‘ফাইনাল’ শেষ করে দেওয়ার জন্য এই একটি সিদ্ধান্তই যথেষ্ট।
মালদ্বীপে তাঁর ক্লাবকে এভাবে শেষ হয়ে যেতে দেখে ঢাকায় কিংস সভাপতি ইমরুল হাসানও আর দুচোখের পাতা এক করতে পারেননি, ‘সারা রাত বিছানায় এপাশ-ওপাশ করেছি। ওই লাল কার্ড মেনে নিতে পারছিলাম না। ভালো ম্যাচ হয়েছে, প্রতিপক্ষ ভালো খেলে আমাদের ছিটকে দিয়েছে, তা মেনে নিতে পারতাম। কোনো আফসোস থাকত না। কিন্তু রেফারির একটা বাজে সিদ্ধান্তে দল ছিটকে গেছে, এটা মানা কঠিন।’ ম্যাচ শেষে পরশু রাতেই তিনি ফোন করে খেলোয়াড়দের সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেছেন। তাঁদের লড়াকু মনোভাবের প্রশংসা করেছেন। কিন্তু অবিচারে লড়াই শেষ হলে কারো মনে কি আর প্রশান্তি থাকে! অথচ ম্যাচ শুরুর আগে কিংস ড্রেসিংরুমের হাওয়া ছিল পুরোপুরি ইতিবাচক। সবাই যেন প্রচণ্ড আত্মবিশ্বাস নিয়ে মাঠে নেমেছিলেন। ‘ড্রেসিংরুমের আবহাওয়া ছিল অন্য রকম। আত্মবিশ্বাস আর লড়াকু মনোভাবে সবাই যেন ম্যাচ জয়ের জন্য তৈরি ছিল। গোল পাওয়ার পর আমাদের মধ্যে বিশ্বাসটা আরো বেড়ে গিয়েছিল’—ম্যাচের দিন সবার মধ্যে একটা ইতিবাচক বিশ্বাসের বর্ণনা দিয়েছেন কিংস অধিনায়ক তপু বর্মন।
বিরতির আগেই সেই বিশ্বাসে চিড় ধরিয়ে দেন ওমানি রেফারি। ‘আমাদের ছেলেরা চেষ্টা করেছে, তবে ৪৫ মিনিট ১০ জন নিয়ে লড়াই করা যায় না। এই অসম লড়াইয়েও বসুন্ধরা কিংস হারেনি, ড্র ম্যাচে বরং আমাদের নৈতিক জয় হয়েছে। এরপর অন্তত বাংলাদেশের কোনো ক্লাব দলকে আর ছোট করে দেখবে না কোনো ভারতীয় দল’—নৈতিক জয়ের সন্তুষ্টি নিয়েই থাকতে হচ্ছে কিংস সভাপতিকে। প্রথম যাত্রায় এএফসি কাপের স্বপ্নভঙ্গ হলেও বাংলাদেশ চ্যাম্পিয়নরা হাল ছাড়ছে না। আগামী আসরে ফিরবে তারা আরো শক্তিশালী হয়ে।
ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ