কুমিল্লায় সাম্প্রদায়িক ঘটনার জেরে কক্সবাজারের পেকুয়ায় পূজামণ্ডপ ও হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলা-ভাঙচুরের মামলায় হাইকোর্ট থেকে আগাম জামিন নেওয়া চার আসামিকে সাত দিনের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন আপিল বিভাগের চেম্বার আদালত।
এই চার আসামি হচ্ছেন- পেকুয়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সভাপতি বাহাদুর শাহ, পেকুয়া উপজেলা যুবদলের সভাপতি কামরান জাদীদ, পেকুয়া সদর ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ড সদস্য সাজ্জাদ এবং বিএনপির সমর্থক ব্যবসায়ী শাহনেওয়াজ।
হাইকোর্টের দেওয়া আগাম জামিন আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আবেদনের শুনানি শেষে আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসানের চেম্বার আদালত আত্মসমর্পণের এই আদেশ দেন।
গত ২৮ অক্টোবর কক্সবাজারের পেকুয়ায় পূজামণ্ডপ ও হিন্দু বাড়িতে হামলা-ভাঙচুরের মামলায় চার আসামিকে জামিন দিয়েছিলেন হাইকোর্ট। রাষ্ট্রপক্ষ হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে আবেদন করেন।
আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ দেবনাথ।
এই মামলার বিবরণ থেকে জানা যায়, গত ১৩ অক্টোবর কক্সবাজারের পেকুয়ায় পূজামণ্ডপ ও হিন্দু বাড়িতে হামলা-ভাঙচুরের হয়। ওই ঘটনায় গত ১৫ অক্টোবর থানায় মামলা হয়। সে মামলায় আসামিরা গত ২৮ অক্টোবর হাইকোর্ট থেকে আগাম জামিন পান। এই আদেশের বিরুদ্ধেই আপিল বিভাগের চেম্বার আদালতে যায় রাষ্ট্রপক্ষ। আজ চেম্বার আদালত হাইকোর্টে আগাম জামিন পাওয়া চার আসামিকে কক্সবাজার আদালতে সাত দিনের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দেন।
ভিন্নবার্তা ডটকম/এন
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051