প্রবীণ কুমার বালা
স্মৃতির জালে বন্দী জীবন অতীতে ফিরে চলে-
ছায়াছবির দৃশ্যের মত সব কিছু ফুটে ওঠে ।
এক একটা দিন, এক একটা ঘটনা-
আচম্বিতে মনের দ্বারে দেয় হানা।
কখনো হাসি , কখনো কাঁদি আপন মনে-
সুখ দুখ যা' কিছু আসুক জীবনে-
জীবিত রাখি স্মৃতি আমার মানস পটে-
ভুলিতে পারিনা আমার অতীত কিছুতে।
বারে বারে ফিরে যাই বাল্য কৈশোরে-
কত যে বৃষ্টিতে ভিজেছি আষাঢ় শ্রাবণে।
কত যে করেছি ক্রীড়া সাথীদের নিয়ে-
কত যে কেটেছি সাঁতার এম, বি, কেনালের জলে।
তুলেছি শাপলা ডিঙি নৌকায় চড়ে-
চলে গেছি বহু দূরে মাছ ধরিতে পোলো কুণো নিয়ে।
ধরেছি বক, ছিটকে পেতে পেতে-
মেরেছি বেলে টাকি মাছ বড়শী দিয়ে।
পেতেছি দোয়াঢ়ী সন্ধ্যায় জলে ইচা মাছের লাগি-
সকালে তুলেছি, পেয়েছি মাছ ভুরি ভুরি।
পাতন জালে বেঁধেছে পুঁটি মাছ ঝাঁকে ঝাঁকে-
কৈয়া পাতন ছিপ দিয়ে ঠেলে দিয়েছি আমন ধানের মাঝে-
বেঁধেছে কৈ মাছ, ভরে গেছে মন আনন্দে।
মনে পড়ে কচুরি এনেছি কেটে বিল হতে-
ঘাটে ভিড়াতে নাও গরুগুলি ডেকেছে হাম্বা রবে-
তাড়াতাড়ি এক থাবা দিয়েছি ওদের খেতে-
খেয়েছে তড়িঘড়ি, চেয়েছে কৃতজ্ঞ চোখে।
ভুলেছি সব কষ্ট ওদের পানে চেয়ে-
কত খুশী ওরা তাজা খাবার পেয়ে।
তারপর তাড়াতাড়ি সব কিছু সেরে-
দু'টো খেয়ে ছুটেছি স্কুলে।
কেটে গেছে দিন, এসেছে রাত-
খেয়ে নিয়ে পড়া সেরে ঘুমে কুপোকাত।
আজ কোথায় সে দিন? কোথায় সে ক্ষণ!
সব চলে গেছে সময়ের গহ্বরে বিলক্ষণ।
জানি, আসিবে না আর ফিরে গত সময়-
মন পড়ে কত কিছু, অঝোরে কাঁদে হৃদয়।
সব গিয়েছে চলে সময়ের সাথে -
স্মৃতি শুধু পড়ে আছে মনের কোণে।
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051