বাংলাদেশকে মডার্নার ২৫ লাখ ডোজ করোনার টিকা দেবে যুক্তরাষ্ট্র। শনিবার (২৬ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে এক টুইটে এ তথ্য জানিয়েছেন মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার।
রাষ্ট্রদূত টুইটে লিখেছেন, আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি মার্কিন জনগণ গ্যাভির মাধ্যমে বাংলাদেশকে মডার্নার ২৫ লাখ ডোজ করোনার টিকা দেবে। কোভ্যাক্সের সবচেয়ে বড় সরবরাহকারী হিসেবে করোনা মোকাবিলায় বিশ্বজুড়ে টিকার সরবরাহ বাড়ানোর ব্যাপারে যুক্তরাষ্ট্র অঙ্গীকারবদ্ধ।
এর আগে শুক্রবার (২৫ জুন) বিশ্বজুড়ে টিকা সরবরাহের আন্তর্জাতিক প্লাটফর্ম কোভ্যাক্স থেকে পাঠানো যুক্তরাষ্ট্রের মডার্নার তৈরি করোনার ২৫ লাখ ডোজ টিকা সর্বোচ্চ ১০ দিনের মধ্যে বাংলাদেশে এসে পৌঁছাবে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
জাহিদ মালেক বলেন, কোভ্যাক্স থেকে আমাদের মোট জনসংখ্যার ২০ শতাংশ টিকা দেওয়ার কথা। প্রায় ৭ কোটি ডোজ (৬ কোটি ৮০ লাখ)। আজ আমরা একটা চিঠি পেলাম কোভ্যাক্স থেকে, তারা জানতে চেয়েছেন মডার্নার ২৫ লাখ ডোজ টিকা আমরা নেব কিনা। আমরা জানিয়ে দিয়েছি যে টিকা নেব।
মডার্নার টিকা ১৮ বছর বা তার বেশি বয়সের মানুষকে দেওয়া যায়। প্রত্যেককে এই টিকা দুই ডোজ করে দিতে হয়। প্রথম ডোজ দেওয়ার ২৮ দিন পর দিতে হবে দ্বিতীয় ডোজ। ২ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় মডার্নার টিকা সংরক্ষণ করতে হয়।
এই টিকা করোনাভাইরাসের বিরুদ্ধে ৯৪ দশমিক ১ শতাংশ পর্যন্ত বলছে বিশ্বস্বাস্থ্য সংস্থা। করোনাভাইরাসের দুটি ধরন B.1.1.7 এবং 501Y.V2 এর বিরুদ্ধেও এই টিকা প্রতিরোধ গড়ে তুলতে পারে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা, গ্লোবাল অ্যালায়েন্স ফর ভ্যাকসিনস অ্যান্ড ইমিউনাইজেশনস বা গ্যাভি এবং কোয়ালিশন ফর এপিডেমিক প্রিপেয়ার্ডনেস ইনোভেশনসের গড়া প্ল্যাটফর্ম হলো কোভ্যাক্স, যা বিশ্বের সব মানুষের সংক্রামক রোগের প্রতিষেধক পাওয়া নিশ্চিত করতে গড়ে তোলা হয়েছে।
বাংলাদেশে তৃতীয় টিকার চালান হিসেবে টিকার আন্তর্জাতিক প্ল্যাটফর্ম কোভ্যাক্স থেকে পাওয়া মার্কিন ওষুধ কোম্পানি ফাইজার ও জার্মান জৈবপ্রযুক্তি কোম্পানি বায়োএনটেকের তৈরি ১ লাখ ৬২০ ডোজের চালান এসে পৌঁছায় গত ৩১ মে।
গত ২১ এই টিকা পরীক্ষামূলকভাবে ঢাকার তিনটি হাসপাতালে প্রয়োগ করা হয়েছে।
স্বাস্থ্যমন্ত্রী আরও জানান, চীন থেকেও টিকার একটি বড় চালান আসার কথা রয়েছে। চীনের সঙ্গে চুক্তি অনুযায়ী এসব টিকা আসবে। তবে কবে নাগাদ এসব টিকা পৌঁছাবে তা নিশ্চিত করেননি তিনি।
তিনি বলেন, চীনের সঙ্গে একটা মনোমালিন্য তৈরি হয়েছিল, সেটি কেটে গেছে। আমরা আশা করি অল্প দিনের মধ্যেই কিছু টিকা পাব। পরিমাণ বলতে পারছি না, তবে সংখ্যাটা ভালোই হবে আশা করি।
ভিন্নবার্তা ডটকম/এন
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051