বিএনপির স্থায়ী কমিটির সাবেক সদস্য ও আইনমন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমদের নিজ এলাকা নোয়াখালীর কোম্পানীগঞ্জ ও কবিরহাটে বিএনপির নতুন চার আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে।
শুক্রবার (৮ অক্টোবর) রাতে নোয়াখালীর জেলা বিএনপির সভাপতি গোলাম হায়দার বিএসসি ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুর রহমান সাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
অ্যাডভোকেট আবদুর রহমান বলেন, ব্যারিস্টার মওদুদ আহমদের মৃত্যুর পর এ প্রথম উনার নির্বাচনী এলাকা নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ-কবিরহাট) আসনের দুই উপজেলা ও পৌরসভার কোনো কমিটি ঘোষণা করা হলো।
ঘোষিত কমিটি আগামী ৯০ দিনের মধ্যে কাউন্সিলের মাধ্যমে নতুন কমিটি গঠন করবেন। এছাড়া এ কমিটি ঘোষণার মাধ্যমে আগের সব (উপজেলা, পৌর, ইউনিয়ন ও ওয়ার্ড) কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।
এদিকে কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটিতে মওদুদপত্নী বেগম হাসনা জসীম উদ্দীন মওদুদকে ১ নম্বর ও ঢাকার মেট্রো হোমস লিমিটেডের চেয়ারম্যান ফখরুল ইসলামকে ২নম্বর সিনিয়র সদস্য রাখা হয়েছে।
এছাড়া কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নুরুল আলম শিকদারকে আহ্বায়ক ও বসুরহাট পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদুর রহমান রিপনকে সদস্য সচিব করে ৪৮ সদস্যের উপজেলা কমিটি এবং বসুরহাট পৌরসভা বিএনপির আবদুল মতিন লিটনকে আহ্বায়ক ও আবদুল্লাহ আল মামুনকে সদস্য সচিব করে ৪০ সদস্যের পৌর আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।
অপরদিকে কবিরহাট উপজেলায় মো. কামরুল হুদা চৌধুরী লিটনকে আহ্বায়ক ও মো. কামাল হোসেনকে সদস্য সচিব করে ৪৯ সদস্যের উপজেলা কমিটি এবং কবিরহাট পৌরসভার মোস্তাফিজুর রহমান মঞ্জুকে আহ্বায়ক ও বেলায়েত হোসেন খোকনকে সদস্য সচিব করে ৩৬ সদস্যের পৌর আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।
প্রসঙ্গত, বিগত দিনে এ দুই উপজেলায় ও পৌরসভায় ব্যারিস্টার মওদুদ আহমদ নিজেই ‘মওদুদ অ্যাসোসিয়েটসের’ প্যাডে কমিটি ঘোষণা করতেন। ২০১০ সালের পর এ প্রথম মওদুদ আহমদের দুই উপজেলায় জেলা বিএনপি নিজেদের ইচ্ছামতো কমিটি ঘোষণা করলো।
উল্লেখ্য, গত ১৬ মার্চ সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন সাবেক এ উপরাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমদ। মৃত্যুর সময় তিনি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ছিলেন। পরে তাকে নোয়াখালীর কোম্পানীগঞ্জের মানিকপুরে বাবা-মায়ের কবরের পাশে দাফন করা হয়।
ভিন্নবার্তা ডটকম/এন
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051