
ভোলায় বেড়েই চলেছে ডায়রিয়ার প্রকোপ। হাসপাতালে গত এক সপ্তাহে ভর্তি হয়েছেন অন্তত ৪০১ জন।
শুক্রবার নতুন করে জেলা সদর হাসপাতালে ভর্তি হয়েছেন ১১ জন, দৌলতখানে ৬ জন, মনপুরায় ৪ জন, লালমোজনে ৮ জন ও তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৬ জন।
হাসপাতালে শয্যা সংকট থাকায় অনেক রোগীকে মেঝেতে রেখে চিকিৎসা নিতে দেখা গেছে। আক্রান্তদের মধ্যে নারী ও শিশুর সংখ্যা বেশি।
চিকিৎসকরা বলছেন, আবহাওয়া পরিবর্তন ও গরম বেড়ে যাওয়ার কারণে ডায়রিয়ার প্রকোপ বেড়েছে। রোগীদের সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে।
ভোলা সদর হাসপাতালে গিয়ে দেখা যায়, ডায়রিয়া ওয়ার্ডে ভর্তি আছেন ৪০ জন রোগী। এর মধ্যে নতুন করে ভর্তি হয়েছেন ১১ জন। সেখানে ১০টি শয্যা থাকলেও গাদাগাদি করে এক বেডে একাধিক রোগীকে চিকিৎসা নিতে হচ্ছে। কেউ আবার বাধ্য হয়ে মেঝেতে চিকিৎসা নিচ্ছেন।
ভোলা সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স কবিতা বিশ্বাস বলেন, হাসপাতালের রোগীদের চাপ একটু বেশি। তবুও আমরা সেবা দিয়ে যাচ্ছি।
ভোলার সিভিল সার্জন ডা. কে এম শফিকুজ্জামান বলেন, আবহাওয়া পরিবর্তনের কারণে সারা দেশের মতো ভোলাতেও ডায়রিয়ার প্রকোপ বেড়েছে। আমাদের হাসপাতালগুলোতে পর্যাপ্ত ওষুধ ও স্যালাইন সরবরাহ রয়েছে।
ভিন্নবার্তা ডটকম/আর