ভোলার ইলিশায় একটি মালবাহী ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ট্রলারে থাকা ৭ ব্যবসায়ীর মধ্যে ৫ জন জীবিত উদ্ধার হলেও এখন নিখোঁজ রয়েছেন মো. রাজ্জাক সরদার (৬২) ও তার ছেলে পারভেজ (২৮)। নিখোঁজদের বাড়ি বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার উলানিয়া ইউনিয়নের চর সুলতানী গ্রামে। তবে নিখোঁজদের উদ্ধারের জন্য কাজ করছেন কোস্টগার্ড, নৌ-পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্য ও ডুবুরি টিম।
জীবিত উদ্ধার হওয়া ব্যবসায়ী মো. ফারুক সরদার ও রিয়াজ জানান, তারা গতকাল রোববার রাত সাড়ে ৯টার দিকে ভোলার মনপুরা উপজেলার কাজির চর এলাকা থেকে ভাঙারি মালামাল বোঝাই করে রাজ্জাক সরদার, পারভেজ সরদার, রিয়াজ, ফারুক, শাকিল ও রাসেলসহ কয়েকজন উলানিয়ার উদ্দেশ্যে রওনা হন। রাত আনুমানিক দেড়টার দিকে ভোলা সদরের পূর্ব ইলিশা ইউনিয়নের জংশন এলাকার মেঘনা নদীতে আসলে হঠাৎ স্রোতের মুখে পরে ট্রলারটি ডুবে যায়। এসময় আতঙ্কিত হয়ে ডাকচিৎকার করে নদীতে লাফিয়ে পড়েন তারা। পরে স্থানীয় জেলেদের সহযোগিতায় ৫ জন জীবিত উদ্ধার হলেও এখন দুইজন নিখোঁজ রয়েছেন।
ভোলার ইলিশা নৌ-থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিদ্যুৎ কুমার বড়ুয়া বলেন, খবর পেয়ে কোস্টগার্ড ও ফায়ার সার্ভিসকে জানিয়েছি। কোস্টগার্ড, ফায়ার সার্ভিস ও নৌপুলিশ সদস্যরাসহ ডুবুরি টিম নিখোঁজদের উদ্ধারের জন্য কাজ করছে। এছাড়াও ডুবে যাওয়া ট্রলারটিও উদ্ধারের কাজ করছে তারা।
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051