নির্বাচনে দায়িত্ব পালনকালে অনিয়মে জড়িতদের স্থায়ীভাবে বরখাস্ত করার কথা ভাবছে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার (৭ ফেব্রুয়ারি) সপ্তম ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের ভোটগ্রহণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনের (ইসি) অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ এ কথা বলেন।
তিনি বলেন, অনিয়মে জড়িত ইসির কর্মকর্তাদের বিরুদ্ধে স্ট্রং ব্যবস্থা নেওয়া হয়েছে। অনেকে সাময়িক বরখাস্ত অবস্থায় আছেন। অনেকের বিরুদ্ধে বিভাগীয় মামলা হয়েছে। এগুলোর তদন্ত চলছে। অভিযোগ প্রমাণিত হলে চাকরি চলে যাওয়ার মতো স্থায়ীভাবে বরখাস্ত করা হবে।
তিনি বলেন, নির্বাচন কমিশন জীবনহানি আশা করে না। এরপরও অনাকাঙ্ক্ষিত কিছু ঘটনা ঘটছে। এক্ষেত্রে কমিশনের ব্যর্থতা নেই। কারণ সহিংস ঘটনাগুলো স্থানীয়ভাবে সংঘটিত হয়। সরাসরি কমিশনের কোনো দায় নেই। এটা স্থানীয় প্রশাসন দেখবে। আমরা স্থানীয় প্রশাসনের চাহিদা মোতাবেক অতিরিক্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করি।
নির্বাচন কেমন হলো জানতে চাইলে অতিরিক্ত সচিব বলেন, সোমবার ১৩৬টি ইউপিতে ভোট হয়েছে। এর মধ্যে সাতটিতে নির্বাচন হয়েছে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম)। নির্বাচন সার্বিকভাবে ভালো হয়েছে। স্থানীয় পর্যায়ে ভোটাররা ভোটকেন্দ্রমুখী হয়েছে। উৎসবমুখর পরিবেশে ভোট হয়েছে।
ভিন্নবার্তা/এসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051