
রিটায়ার্ড আর্মড ফোর্সেস অফিসার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন (রাওয়া) এর কার্য নির্বাহী পরিষদ ভেঙে দেয়া হয়েছে। প্রতিষ্ঠানটির সার্বিক কার্যক্রম পরিচালনার জন্য মঙ্গলবার চার সদস্যের তত্ত্বাবধায়ক মন্ডলি গঠন করা হয়েছে। এর আহ্বায়ক করা হয়েছে সেনা সদরের এসটি পরিদপ্তর এর পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল হাসান জাহাঙ্গীর পিএসসি’কে। আগামী ১৯শে ডিসেম্বর রাওয়ার এজিএম ও নির্বাচনের দিন ধার্য ছিলো। এর আগেই সমাজসেবা অধিদপ্তরের আদেশবলে এ উদ্যোগ নেয়া হলো।
এদিকে হুট করে এ সিদ্ধান্ত হওয়ার পর প্রতিষ্ঠানটির প্রায় ৫ হাজার সদস্যকে নোটিশের মাধ্যমে বিষয়টি জানানো হয়। রাওয়া চেয়ারম্যান স্বাক্ষরিত ওই নোটিশে বলা হয়েছে-সম্মানিত সদস্যবৃন্দ,আপনাদের সদয় অবগতির জন্য জানাচ্ছি যে, ১৪ই ডিসেম্বর মহাপরিচালক, সমাজ সেবা অধিদপ্তর, ঢাকা কর্তৃক স্বাক্ষরিত পত্রবলে রাওয়ার বর্তমান কার্য নির্বাহী পরিষদকে অবিলম্বে (অদ্য ১৫ই ডিসেম্বর ২০২০ হতে) সাময়িকভাবে বরখাস্ত করে ব্রিগেডিয়ার জেনারেল হাসান জাহাঙ্গির, পিএসসি, পরিচালক, এসটি পরিদপ্তর, সেনা সদরকে আহবায়ক করে চার সদস্য বিশিষ্ট তত্ত্বাবধায়ক মন্ডলী গঠন করা হয়েছে।
ভিন্নবার্তা ডটকম/এসএস