ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত রাজধানীর সরকারি সাত কলেজের শিক্ষার্থীদের অভিযোগ- সশরীরে পরীক্ষার হলে উপস্থিত হয়ে পরীক্ষা দিয়েও ফলাফলে অনুপস্থিত আসা, সব বর্ষের সব পরীক্ষায় পাস করার পরও পূর্ণাঙ্গ ফলাফল না হওয়া, দুই বিষয়ের মানোন্নয়ন পরীক্ষা দিয়ে তিন বিষয়ে ফেল করা এবং বিভিন্ন বর্ষে গণহারে ফেলসহ নানা অসংগতিতে হয়রানির শিকার হচ্ছেন তারা। একই সঙ্গে এসব সমস্যা সমাধানে কলেজ প্রশাসন থেকে যথাযথ সহযোগিতা না পাওয়ারও অভিযোগ সাত কলেজের শিক্ষার্থীদের।
শিক্ষার্থীরা বলছেন, কলেজ প্রশাসনের দায়িত্বহীনতা আর নির্লিপ্ততায় সাধারণ শিক্ষার্থীদের ভোগান্তি বাড়ছে। সাম্প্রতিক সময়ে বড় ভোগান্তি সশরীরে পরীক্ষা দিয়েও ফলাফলে অনুপস্থিত আসা অথবা সিজিপিএ না আসা। শিক্ষার্থীদের অভিযোগ এসব সমস্যা সমাধানে কলেজ প্রশাসন কোনো উদ্যোগ নিচ্ছে না। শিক্ষার্থীদের স্বপ্রণোদিত হয়ে সংশ্লিষ্ট পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হয়ে হাজিরা শীট উত্তোলন করে দরখাস্ত লিখে তাতে নিজ কলেজের অধ্যক্ষের সই নিয়ে জমা দিতে হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে। অথচ এখানে সম্পূর্ণ দায়ভার কলেজ প্রশাসনের। পরীক্ষা দেওয়ার পরও প্রশাসনের গাফিলতি আর সমন্বয়হীনতার ফলেই এমন সমস্যায় পড়তে হচ্ছে বলে জানান তারা।
সম্প্রতি এমন সমস্যার মুখোমুখি হয়েছেন সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থী ফারজানা আক্তার। তিনি বলেন, ‘আমি তৃতীয় বর্ষে গর্ভে আট মাসের সন্তান নিয়ে পরীক্ষা দিয়েছি। এরপর ফলাফলে এক বিষয়ে W (উইথেল্ড) এসেছে। সমস্যা সমাধানে এক মাসের বাচ্চা নিয়ে আমার কেন্দ্র কবি নজরুল সরকারি কলেজ থেকে হাজিরা শীট সংগ্রহ করে আবেদনপত্রে আমার কলেজের অধ্যক্ষের সই নিয়ে ঢাবির প্রশাসনিক ভবনে জমা দিয়েছি। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে ওই বিষয়ে পরবর্তীতে ফেল আসে। এ বছর আবার মানন্নোয়ন পরীক্ষা দিয়েছি ওই বিষয়সহ মোট দুই বিষয়ে। কিন্তু ফলাফল এসেছে তিন বিষয়ে। এরমধ্যে এক বিষয়ে আবারও W (উইথেল্ড) এসেছে। এরকম হয়রানির কোনো মানেই হয় না।’
তিনি আরও বলেন, এই মুহূর্তে আমি গ্রামের বাড়িতে অবস্থান করছি। এখন ঢাকায় এসে ফলাফল সংশোধনের জন্য আবারও আবেদন করতে হবে। এটি সাধারণ শিক্ষার্থীদের জন্য বড় ধরনের হয়রানি।
সব বর্ষে পরীক্ষা দিয়েও ফলাফল না আসায় হতাশ বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের স্নাতকের শিক্ষার্থী সানজিদা আঞ্জুম। তিনি বলেন, আমার কোনো বর্ষে কোনো বিষয়েই ফেল নেই। কোনো বর্ষে মানন্নোয়ন পরীক্ষায়ও অংশ নিইনি। অথচ সব বর্ষে পাস থাকার পরও ফলাফল ইনকমপ্লিট দেখাচ্ছে। এখন আবার ফলাফল সমন্বয় করার জন্য ঢাবির প্রশাসনিক ভবনে যেতে হবে। কোনো বর্ষে ফেল না করেও এমন ভোগান্তিতে পড়তে হচ্ছে আমাদের। এটা খুবই হতাশাজনক।
এ সমস্যার বিষয়ে জানতে চাইলে সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান রাবেয়া খাতুন বলেন, বিষয়টি আমি শিক্ষার্থীদের কাছ থেকে শুনেছি। শিক্ষার্থীদের আমি আবেদনপত্র দিতে বলেছি। বিভাগীয় প্রধান হিসেবে শিক্ষার্থীদের আবেদনপত্র কলেজ অধ্যক্ষের সুপারিশসহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক বরাবর প্রেরণ করবো।
একটি বর্ষের নির্দিষ্ট বিভাগের সব শিক্ষার্থীর সিজিপিএ না আসার মত ঘটনায় কলেজ অধ্যক্ষ হিসেবে কোন দায়ভার রয়েছে কি-না এমন প্রশ্নের জবাবে সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. মোহসিন কবির বলেন, বিষয়টি সম্পূর্ণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক বিভাগ কর্তৃক নির্ধারিত হয়। এখানে আমার কোনো দায়ভার নেই। কারিগরি সমস্যার কারণে এমনটি হতে পারে।
এছাড়াও বিষয়টি নিয়ে শিক্ষার্থীদের আবেদনের পাশাপাশি কলেজ প্রশাসনও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সাথে আলোচনা করছে বলে জানান তিনি।
এ বিষয়ে জানতে চাইলে সাত কলেজের সমন্বয়ক (ফোকাল পয়েন্ট) ও ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক আই কে সেলিম উল্লাহ খোন্দকার বলেন, ‘এগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিষয়। আমাদের জন্য এগুলো বিব্রতকর।’
সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীদের সিজিপিএ না আসার বিষয়ে তিনি বলেন, ‘এখন পর্যন্ত ওই কলেজের অধ্যক্ষ আমাকে এ বিষয়ে কিছু জানাননি ৷ আমাকে না জানলে আমি কীভাবে এটা সমন্বয় করবো? যতক্ষন না পর্যন্ত সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ আমাকে না জানবেন ততক্ষন পর্যন্ত অফিসিয়ালি বিষয়টি বিবেচনায় নেওয়ার সুযোগ আমার নেই।’
এ বিষয়ে জানতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক বাহালুল হক চৌধুরীরকে ফোন করলে ‘এটা নিয়ে আমাকে ফোন করবেন না’ বলে কল কেটে দেন তিনি ৷
ভিন্নবার্তা ডটকম/এন
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051