ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সহসভাপতি (ভিপি) নুরুল হক নূর ও সাধারণ শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলার প্রতিবাদ এবং তাদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবিতে রাজধানীর শাহবাগ এলাকায় বিক্ষোভ হয়েছে। ছাত্র, যুব, শ্রমিক ও প্রবাসী অধিকার পরিষদ এই বিক্ষোভের আয়োজন করে। এতে কয়েকশ শিক্ষার্থী অংশ নেন।
মঙ্গলবার সকাল থেকে শাহবাগ মোড়ে বিক্ষোভ মিছিল শুরু করেন আন্দোলনকারীরা। বিক্ষোভ মিছিলটি মৎস্যভবন হয়ে প্রেসক্লাব এলাকায় এসে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের নেতারা।
বক্তারা বলেন, ছাত্র ও ছাত্রনেতাদের ওপর হামলার পরিণতি কখনও ভালো হয় না।
ছাত্র অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক রাশেদ খান বলেন, গতকাল নূরসহ ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীদের ওপর যে হামলা হয়েছে, তা সরকারের উচ্চপর্যায়ের নির্দেশে হয়েছে। তিনি বলেন, যদি কোনো শিক্ষার্থীকে অন্যায়ভাবে আঘাত ও খুন করা হয়, তা হলে সরকারকে গদি থেকে টেনেহিঁচড়ে নামানো হবে।
যুগ্ম আহ্বায়ক ফারুক খান বলেন, সরকার ভিপি নূরকে মেরে ফেলে সাধারণ শিক্ষার্থীদের আন্দোলন বন্ধ করে দিতে চায়। কিন্তু তারা জানে না– ছাত্র অধিকার পরিষদের প্রত্যেকটি নেতাকর্মী একেকটা ভিপি নূর।
সমাবেশে উপস্থিত ছিলেন ডাকসুর সমাজসেবা সম্পাদক আখতার হোসেন, ছাত্র অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক মশিউর রহমান, ঢাবি শাখার সভাপতি বিন ইয়ামিন মোল্লা, যুব অধিকার পরিষদের সভাপতি মো. আতাউল্লাহ প্রমুখ।
ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051