ভিনগ্রহীদের খোঁজ পেয়েছে বলে জানিয়েছে চীন। চীনের স্কাই আই টেলিস্কোপ, যা পৃথিবীর সবচেয়ে বড় টেলিস্কোপ বলে পরিচিত, তাতে ভিনগ্রহী সভ্যতার সঙ্কেত ধরা পড়েছে বলে দাবি করেছে চীন সরকার। চীনের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের নিজস্ব পত্রিকায় সাত দিন আগে প্রকাশিত হয়েছিল রিপোর্টটি। কিন্তু ওই রিপোর্ট খুঁজলেও এখন আর পাওয়া যাচ্ছে না।
চীনের ওই সরকারি পত্রিকা এ সংক্রান্ত সকল রিপোর্ট ও পোস্ট তাদের ওয়েবসাইট থেকে মুছে দিয়েছে।
কেন মুছে দেয়া হয় রিপোর্ট তা স্পষ্ট নয়। তবে রিপোর্টে যা লেখা ছিল সেটি প্রকাশ্যে এসেছে। চীনের বিজ্ঞানীরা ওই রিপোর্টে দাবি করেন, এক বার নয়, দু’বার চীনের টেলিস্কোপে ধরা পড়েছে ভিনগ্রহের সঙ্কেত।
ভিনগ্রহ সংক্রান্ত গবেষণার জন্য একটি বিশেষ বিজ্ঞানী দল রয়েছে চীনের। ওই দলটির প্রধান বিজ্ঞানী জাং তোনজিয়ের বক্তব্যের ভিত্তিতেই তৈরি করা হয়েছিল রিপোর্টটি।
জাং সেখানে জানিয়েছিলেন, স্কাই আইয়ে এক অন্য তরঙ্গ মারফত ভেসে আসা সঙ্কেত ধরা পড়ছে। যা এ গ্রহের অর্থাৎ পৃথিবীর নয় বলেই মনে করছেন তারা। তবে জাং ওই রিপোর্টে এও জানিয়েছিলেন, তারা এ নিয়ে আরো গবেষণা করেই বিষয়টি নিয়ে নিশ্চিত হতে পারবেন।
চীন সরকারের ওই পত্রিকা রিপোর্ট মুছে ফেললেও, রিপোর্টের এ বক্তব্য অন্য ওয়েবসাইটে ছড়িয়ে পড়েছিল। ওই রিপোর্টে চীনের বিজ্ঞানী জাংকে উদ্ধৃত করে বলা হয়েছে, স্কাই আইয়ের সাহায্যে ২০২০ সালের সেপ্টেম্বর থেকে ভিনগ্রহীদের খোঁজ শুরু করেছিল চীন।
তবে গবেষণার জন্য ওই টেলিস্কোপে ধরা পড়া ২০১৯ সালের তথ্যও নিয়েছিলেন বিজ্ঞানীরা। ওই সময় থেকে ২০২২ সাল পর্যন্ত তথ্য বিশ্লেষণ করে জানা গেছে, দু’দফায় এই ধরনের অন্য তরঙ্গে ভাসা সঙ্কেত এসেছে পৃথিবীতে। তবে ওই সঙ্কেত পাওয়ার খবর মুছে ফেলা হলো কেন, সে ব্যাপারে মুখ খোলেনি চীন।
সূত্র : আনন্দবাজার পত্রিকা
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051