ভাস্কর্য ও মূর্তি নিয়ে ভুল বোঝাবুঝির অবসারন হবে বলে মন্তব্য করেছেন নবনিযুক্ত ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান। তিনি বলেন, ভুল বোঝাবুঝি থাকতেই পারে। তবে আলাপ-আলোচনা করে যেকোনো সমস্যাা সমাধান করা সম্ভব।
আজ মঙ্গলবার সচিবালয়ে রিলিজিয়াস রিপোর্টার্স ফোরামের (আরআরএফ) নেতাদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।
মো. ফরিদুল হক খান বলেন, সরকারের জঙ্গিবাদ ও সন্ত্রাসবিরোধী কার্যক্রম অব্যাহত থাকবে। তিনি আরো বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার জন্য সব ধর্মীয় জনগোষ্ঠীর প্রতিনিধিদের নিয়ে সমাজের বিভিন্ন স্তরে আন্তধর্মীয় সংলাপের আয়োজন করা হবে।
আরেক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ থেকে ওমরা হজ পালনে এখনো সিদ্ধান্ত হয়নি। সিদ্ধান্ত হলেও সীমিত আকারে ওমরা করতে যেতে পারবেন।
প্রতিমন্ত্রী বলেন, ডিজিটাল হজ ব্যবস্থাপনা, হজযাত্রীর সংখ্যা বাড়ানো, হয়রানিমুক্ত হজ ব্যবস্থাপনা, জেদ্দার ইমিগ্রেশন বাংলাদেশে, হজে গমন সহজ ও নিরাপদ হয়েছে। সেটি আরো গতিশীল করা হবে।
আরআরএফ সভাপতি ফয়েজ উল্লাহ ভূঁইয়া ও সাধারণ সম্পাদক উবায়দুল্লাহ বাদলের নেতৃত্বে সংগঠনের নেতৃবৃন্দ প্রতিমন্ত্রীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
এ সময় আরআরএফ নেতৃবৃন্দের মধ্যে সহ-সভাপতি মনিরুজ্জামান উজ্জ্বল, যুগ্ম-সম্পাদক মুহাম্মদ নঈমুদ্দিন, অর্থ সম্পাদক রকীবুল হক, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান বাবলু, প্রচার ও প্রকাশনা সম্পাদক বাহরাম খান, কার্যনির্বাহী সদস্য শামসুল ইসলাম, মোহসিনুল করীম লেবু, সদস্য মাসুদ রানা, মাসুদুল হক এ সময় উপস্থিত ছিলেন।
ইসলামিক ফাউন্ডেশন জেলা ও উপজেলা পর্যায়ে একটি করে মোট ৫৬০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ করছে জানিয়ে ফরিদুল হক খান বলেন, মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম, মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম ও প্যাগোডাভিত্তিক প্রাক-প্রাথমিক শিক্ষা কার্যক্রম প্রকল্পের কার্যক্রম চলমান আছে।
হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান ধর্মীয় জনগোষ্ঠীর কল্যাণে সরকারের গৃহীত কার্যক্রম আরো বৃদ্ধি করা হবে জানিয়ে ধর্ম প্রতিমন্ত্রী বলেন, জনগণের ইচ্ছা-আকাঙ্ক্ষাকে সরকারের কাছে তুলে ধরা এবং সরকারের কর্মকাণ্ড ও সেবা সম্পর্কে জনগণকে অবহিত করার ক্ষেত্রে সাংবাদিকরা সেতু হিসেবে কাজ করতে পারেন।
ভিন্নবার্তা ডটকম/এন
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051