নোয়াখালীর ভাসানচর রোহিঙ্গা ক্যাম্প থেকে দালালের মাধ্যমে কক্সবাজার পালাতে গিয়ে মেঘনা নদীর পাড়ে সেতারা বেগম (৩০) নামের এক রোহিঙ্গা নারী অসুস্থ হয়ে মারা গেছেন। একই সময়ে নিহত সেতারার মা নুর নাহারকে আটক করে পুলিশ হেফাজতে নেওয়া হয়।
নিহত সেতারা বেগম ভাসানচরের ৬৫ নম্বর ক্লাস্টারের ১০ নম্বর রুমের মৃত নুর মোহাম্মদের মেয়ে এবং আটক নুর নাহার একই ক্লাস্টারের নুর মোহাম্মদের স্ত্রী।
রবিবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় নিহত ওই নারীর মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
চরজব্বার থানার পরিদর্শক (তদন্ত) আবুল কালাম জানান, শনিবার ভোর রাতের দিকে ভাসানচর থেকে দালালের মাধ্যমে কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পে পালিয়ে যেতে মাছ ধরার নৌকায় মেঘনা নদী দিয়ে পাড়ি দেয় মা নুর নাহার এবং মেয়ে সেতারা বেগম। সকালে দালালরা মা-মেয়েকে কক্সবাজার না নিয়ে সুবর্ণচর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের মেঘনা নদী পাড়ে রেখে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাদের দেখে সেখান থেকে উদ্ধার করে। এসময় মেয়ে সেতারা বেগম অসুস্থ হয়ে পড়ায় তাকে হাসপাতাল নেওয়ার পথে সে মারা যায়।
তিনি আরো জানান, নিহতের লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে ময়না তদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। আটক রোহিঙ্গা নারীকে ভাসানচরে পাঠানোর প্রক্রিয়া চলছে।
ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051