
ময়মনসিংহের ভালুকা উপজেলার মল্লিকবাড়ি ইউনিয়নের মামারিশপুর গ্রামের মধ্যপাড়ায় আজ ২৪ শে জুলাই ৭.৩০ ঘটিকায় নুরুল আমিন (৫০) এর বাড়ির রাস্তার পাশে পাট গাছের আড়াল থেকে ৪ টি গাঁজা গাছ উদ্ধার করেছে ভালুকা মডেল থানা পুলিশ। গাঁজা চাষি নুরুল আমিন একই গ্রামের মৃত হাতেম আলী মুনসীর ছেলে। সে পেশায় একজন করাতি।
স্থানীয় সূত্রে জানা যায়, সে নিয়মিত একজন গাঁজাসেবী এবং বাড়িতে লোকজন নিয়ে গাঁজা খাওয়ার আসর বসাতেন, দূরদূরান্ত থেকে লোকজন এসে তার আসরে যোগ দিতেন। গাঁজার টাকা জোগাড় সহ চাষ বৃদ্ধি করার জন্য তার স্ত্রীর কাছে সম্প্রতি ২ লক্ষ টাকা যৌতুক দাবি করেন।
এতে করে তার স্ত্রী সাইমন বেগম বিরক্ত হয়ে ভালুকা মডেল থানায় একটি অভিযোগে তার স্বামীর গাজা খাওয়ার বিষয়টি উল্লেখ করেছেন। তিনি জানান, তাদের বাড়ীতে তার স্বামী প্রায়ই লোকজন নিয়ে প্রায়ই গাঁজার আসর বসাত।
একই ইউনিয়নের ৮ নং ওয়ার্ড মেম্বার আছমত আলী জানান, সে পূর্ব থেকে গাঁজার নেশায় আসক্ত ছিল, বিষয়টি এলাকার লোকজনসহ তারা সকলেই অবগত ছিল এবং সে পূর্বেও গাজা খাওয়া অবস্থায় পুলিশের হাতে ধরা পড়েছিল।
এ ব্যপারে নূরুল আমিনের ছেলে তৌহিদ আমিন জানান, তার বাবা গাঁজা চাষ করে নিজে সেবন করত এবং কিছু লোকজন এসে তাদের বাড়ীতেও সেবন করত।
ভালুকা মডেল থানার ওসি মাহমুদুল ইসলাম জানান গোপন সংবাদের ভিত্তিতে এস.আই. বিল্লাল হোসেন সঙ্গীয় ফোর্সসহ মামারিশপুর থেকে চারটি গাঁজা গাছ উদ্ধার করেছেন, তবে চাষীকে আটক করার চেষ্টা চলছে এবং গাছগুলো পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে নিশ্চিত হলে মামলা করা হবে।
ভিন্নবার্তা/এমএসআই