মোঃ আমিনুল ইসলাম, ভালুকা: ময়মনসিংহের ভালুকায় আসাদুল ইসলাম আসাদ (৪৫) নামের এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
সোমবার (১৯ এপ্রিল) বিকাল সারে ৪টার দিকে উপজেলার ধীতপুর ইউনিয়নের ধীতপুর গ্রামে আকন্দ বাড়ীর সামনে তাকে কুপিয়ে হত্যা করা হয়।
জানা যায়, নিহতের বাড়ি ময়মনসিংহের ভালুকা উপজেলার বিরুনিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ভাওয়ালিয়াবাজু গ্রামে। আসাদ মৃত শামছুউদ্দিন ওরফে চিনি ওয়ালার ছেলে। নিহত আসাদ পেশায় ফিড ব্যবসায়ী হিসাবে পরিচিত।
ব্যবসায়ী আসাদুল ইসলামকে কে বা কারা কি কারণে হত্যা করেছে তা এখনো নিশ্চিত হতে পারেনি পুলিশ। তবে পূর্ব বিরোধের জেরে পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ডটি ঘটানো হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
নিহতের পরিবার সূত্রে জানায়, আসাদুল তার বাড়ি থেকে বিকাল আনুমানিক ৪টার সময় ধীতপুর বাজারের উদ্দেশ্যে রওনা দেওয়ার সময় আকন্দ বাড়ির সামনে পৌঁছামাত্র কতিপয় দুর্বৃত্তরা তার ওপর সন্ত্রাসী হামলা চালায়। এসময় ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে ও ছুড়িকাঘাত করে মৃত্যু নিশ্চিত করে দুর্বৃত্তরা চলে যায়।
হামলার পর সংবাদ পেয়ে নিহতের ভাগিনা রুবেল ও অন্য সহযোগীরা তাকে ভালুকা সরকারি হসপিটালে নিয়ে আসে। পরীক্ষা করে কর্তব্যরত ডাক্তার মৃত তাকে ঘোষণা করেন।
নিহতের মেয়ে তানিয়া (১৯) ও জামাই রনি সংবাদ পেয়ে বাবার লাশ দেখতে ছুটে আসেন ভালুকা সরকারি হসপিটালে এ সময় বাবার লাশ দেখে কান্নারত অবস্থায় বার বার অজ্ঞান হয়ে যায়, পরে তানিয়াকে প্রাথমিক সেবা দেওয়া হয়। স্থানীয় রোমান নামে এক ব্যাক্তি জানান, আসাদুল ইসলাম আসাদকে পরিকল্পিতভাবে কেউ হত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুল ইসলাম পিপিএম জানান, খবর পেয়ে লাশ উদ্ধার করা হয়েছে। ময়না তদন্তের জন্য লাশ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, কি কারণে এবং কারা কেন তাকে হত্যা করেছে সে বিষয়ে কেউ কিছু সুস্পষ্টভাবে বলতে পারছেন না। হত্যার রহস্য উদঘাটনের জন্য প্রচেষ্টা চলছে। পাশাপাশি ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের জন্য পুলিশী তৎপরতা চলছে।
ভিন্নবার্তা ডটকম/প্রতিনিধি/এসএস
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051