
বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশনের ১৭ সদস্যের একটি প্রতিনিধি দল প্রতিযোগিতায় অংশ নিতে ভারতে গেছে। আজ মঙ্গলবার সকালে বেনাপোল চেকপোস্ট দিয়ে তারা ভারতে যান।
ইন্ডিয়ান অ্যাথলেটিকস ফেডারেশনের আয়োজনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে আগামী ২৬ মার্চ নাগাল্যান্ড রাজ্যের কোহিমা শহরে। খোলোয়াড় ও টিম কর্মকর্তাদের প্রত্যাশা তারা দেশের জন্য সুনাম নিয়ে আসবেন।
বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশনের টিম ম্যানেজার আব্দুল মান্নান মানিক জানান, প্রতিযোগিতায় চারটি ক্যাটাগরিতে বাংলাদেশ দলের খেলোয়াড়রা অংশ নেবেন।
ফেডারেশনের সাধারণ সম্পাদক আব্দুল রকিব মন্টু জানান, প্রতিনিধি দলে একজন টিম ম্যানেজার, দুজন কোচ, দুজন কর্মকর্তা এবং ১২ জন খেলোয়াড় রয়েছেন। প্রতিযোগিতা শেষে আগামী ২৯ মার্চ তারা দেশে ফিরবেন।
ভিন্নবার্তা ডটকম/আর