বাংলাদেশ ও ভারতের মধ্যে চার মাস পর আজ রবিবার আবার ফ্লাইট পরিচালনা শুরু হচ্ছে। শনিবার এ তথ্য জানিয়েছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।
এদিকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ বিমানও ভারতে ফ্লাইট পরিচালনার জন্য নতুন সূচি ঘোষণা করেছে। ৭ সেপ্টেম্বর থেকে ঢাকা-কলকাতা রুটে সপ্তাহে দুই দিন (মঙ্গল ও বৃহস্পতিবার) ফ্লাইট পরিচালনা করবে তারা। পাশাপাশি ৮ সেপ্টেম্বর থেকে ঢাকা-দিল্লি রুটে সপ্তাহে দুই দিন (রবি ও বুধবার) বিমানের ফ্লাইট চলবে।
ইতোমধ্যে দেশের বিভিন্ন বিমান সংস্থা ভারতের সঙ্গে ফ্লাইট চালু করার প্রস্তুতি নিয়েছে। বেসরকারি বিমান সংস্থা ইউএস-বাংলা এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ রবিবার ঢাকা-চেন্নাই-ঢাকা রুটে ফ্লাইট শুরুর কথা জানিয়েছে।
বেবিচক জানিয়েছে, ভারত থেকে আসা যাত্রীরা ‘বিজনেস ভিসা’ নিয়ে বাংলাদেশে আসতে পারবেন। আসার পর তাঁদের ১৪ দিন হোম কোয়ারেন্টিনে থাকতে হবে। বাংলাদেশ থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইনস ঢাকা-কলকাতা ও ঢাকা-দিল্লিতে সপ্তাহে দুটি করে ফ্লাইট এবং ইউএস বাংলা ঢাকা-চেন্নাই গন্তব্যে তিনটি ফ্লাইট পরিচালনা করবে।
ভারতীয় কর্তৃপক্ষ জানিয়েছে, ভারত তাদের তিনটি এয়ারলাইনসকে সপ্তাহে সাতটি ফ্লাইট পরিচালনার অনুমতি দিয়েছে। এর মধ্যে প্রতি সপ্তাহে স্পাইস জেট তিনটি এবং ইনডিগো ও এয়ার ইন্ডিয়া দুটি করে ফ্লাইট পরিচালনা করবে। এ সময় ভারত থেকে যারা বাংলাদেশে যাবেন, তাদের বাংলাদেশ সরকার নির্ধারিত স্বাস্থ্যবিধি মেনে আসতে হবে। আর যারা বাংলাদেশ থেকে ভারত যাবেন, তাদের ভারতীয় বিমানবন্দরে পৌঁছানোর পর নিজ খরচে করোনার পরীক্ষা করাতে হবে। তবে এই সময়ে ভ্রমণ ভিসাধারী যাত্রীদের ভারতে প্রবেশের অনুমতি দেওয়া হবে না।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051