ভারত থেকে পেয়াঁজ আমদানিতে ৫ শতাংশ শুল্ক আরোপের প্রস্তাব দিয়ে সোমবার বাণিজ্য মন্ত্রণালয় থেকে জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) চিঠি পাঠানো হয়েছে।
আমদানি শুল্কের পরিমাণ কত নির্ধারণ করা হবে, কবে থেকে তা কার্যকরী সম্ভব হবে তা নিয়ে মঙ্গলবার (৫ জানুয়ারি) এনবিআর খতিয়ে দেখবে।
পর্যাপ্ত পেঁয়াজ চাষ হয়নি এমন কারণ দেখিয়ে গত ১৪ সেপ্টেম্বর ভারত বাংলাদেশে পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেয়। এতে বিভিন্ন বন্দরের ভারত অংশে বাংলাদেশে প্রবেশের অপেক্ষায় ২৫০টির বেশি পেঁয়াজ ভর্তি ট্রাক আটকা পড়ে। এলসি খুলেও অনেক ব্যবসায়ী পেঁয়াজ আমদানি করতে পারে না। এরপর গত ১৯ সেপ্টেম্বর বিশেষ বিবেচনায় আগের দরপত্র অনুযায়ী ১১টি ট্রাকে ২৪৬ টন পেঁয়াজ ভারত থেকে বাংলাদেশে আনা হয়।
ভারত থেকে পেঁয়াজ না আসায় দেশের পেঁয়াজের বাজারে অস্থিরতা দেখা দেয়। বাংলাদেশ সরকারের অনুরোধে দেশের পেঁয়াজ আমদানিকারকরা ভারতের বিকল্প হিসাবে মিয়ানমার, তাইওয়ান, পাকিস্তান, মিসর, তুরস্ক, নেদারল্যান্ডস, ইউক্রেন, চীন ও ভিয়েতনাম থেকে পেঁয়াজ আমদানি করতে থাকেন।
গত শনিবার আবারো ভারতীয় পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। গত দুদিনে ৩১টি ট্রাকে ৮০০ টন পেঁয়াজ দেশে আমদানি করা হয়েছে। এতে আগে আমদানি করা পেঁয়াজের দর কমতে থাকে। পেঁয়াজের দাম কমে অর্ধেক হয়।
এমন পরিস্থিতিতে আপদকালীন সময়ে যেসব ব্যবসায়ী দেশের বাজারে পেঁয়াজের দর স্বাভাবিক রাখতে ভারত বাদে অন্য দেশ থেকে আমদানি করেছে তাদের লোকসানে ঠেকাতে বাণিজ্য মন্ত্রণালয় থেকে ভারত থেকে আমদানিকৃত পেঁয়াজে ৫ শতাংশ আমদানি শুল্ক আরোপের প্রস্তাব করেছে।
ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051