
সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে বিতর্কিত পোস্টের কারণে আন্তর্জাতিক ক্রিকেটে অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ হয়েছেন ইংল্যান্ডের পেসার অলি রবিনসন। ঠিক এমনই বিদ্বেষমূলক কর্মকাণ্ডের কারণে শাস্তির মুখে পড়তে পারেন কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক ইয়ন মরগ্যান ও কোচ ব্রেন্ডন ম্যাককালাম। এদের সঙ্গে রয়েছেন আরেক ইংলিশ তারকা জস বাটলারও। ভারতীয়দের ইংলিশ উচ্চারণ নিয়ে উপহাসের অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে।
ম্যাককালাম-বাটলার-মরগানের ২০১৮ সালের আলাপচারিতার স্কিনশট ভাইরাল হয়েছে। ভারতীয়দের ইংলিশ উচ্চারণ নিয়ে উপহাস করতে গিয়ে সেখানে তারা ‘স্যার’ শব্দটি ব্যবহার করেছেন। সেসব পোস্ট এরই মধ্যে সরিয়ে নেওয়া হয়েছে। তবে তাদের আলাপচারিতার স্ক্রিনশটগুলো ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।
ম্যাককালাম-মরগানদের এমন আচরণ নিয়ে কথা বলেছেন কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) প্রধান নির্বাহী ভেঙ্কি মাইশোর। কোচ-অধিনায়কের আচরণে বিদ্বেষমূলক কিছু পাওয়া গেলে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন তিনি। ক্রিকবাজকে মাইশোর বলেন, ‘আমরা এ বিষয়ে মন্তব্য করার মতো বিস্তারিত জানি না এখনো। তাই কোনো উপসংহারে পৌঁছানোর আগে প্রক্রিয়াটা শেষ করার অপেক্ষা করা যাক। তবে স্রেফ জানিয়ে রাখতে বলছি, নাইট রাইডার্স সংগঠন সবসময়ই যেকোনো ধরনের বৈষম্যের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে বিশ্বাসী।’
এদিকে, ওলি রবিনসনের পর একই অভিযোগে আরো এক খেলোয়াড়ের বিরুদ্ধে তদন্ত চলছে। যার নাম এখনো প্রকাশ করেনি ইসিবি।
ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ