পাকিস্তানের বিপক্ষে ম্যাচ হারের ছয় দিন পর নিউ জিল্যান্ডের বিপক্ষে খেলতে নেমেছে ভারত। তবুও সুবিধা করতে পারেনি বিরাট কোহলির দল। ব্যাটসম্যানদের ব্যর্থতায় ১০০ রান পার করতে ঘাম ছুটেছে টুর্নামেন্টের অন্যতম ফেভারিট দলটি।
রোববার (৩১ অক্টোবর) দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাটিং করতে নেমে ৭ উইকেট হারিয়ে মাত্র ১১০ রান করে ভারত। প্রথম ১১ ওভারে মাত্র ৫২ রান নেওয়া কোহলিরা শেষ ৯ ওভারে নিয়েছেন ৫৮ রান।
টস জিতে ফিল্ডিং নিয়েছিলেন নিউ জিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন। তার সিদ্ধান্ত যে সঠিক ছিল তার প্রমাণ দিয়েছেন বোলাররা। পাওয়ার প্লের মধ্যে তুলে নেন ইশান কিষান ও লোকেশ রাহুলের উইকেট। রোহিত শর্মাও টিকতে পারেননি। বিরাট কোহলি যখন হাল ধরার চেষ্টা করছিলেন, তখন তাকে ফেরান ইশ সোধি।
ইনিংসের তৃতীয় ওভারে ট্রেন্ট বোল্টের বলে ইশান ফেরেন ৮ বলে মাত্র ৪ রান করে। রাহুলের সঙ্গে ওপেনিংয়ে নেমেছিলেন তিনি। সেই রাহুলও বেশিক্ষণ টিকতে পারেননি। ১৬ বলে ১৮ রান করে টিম সাউদির বলে ফেরেন ইনিংসের ষষ্ঠ ওভারে।
দুই ওপেনার ফেরার পর দায়িত্ব বেড়ে যায় ক্রিজে থাকা রোহিত ও নতুন ব্যাটসম্যান বিরাটের। দুজনেই ব্যর্থ হলেন। ১৪ বলে ১৪ করে ফেরেন রোহিত। আর ১৭ বলে ৯ রান করে ফেরেন কোহলি। দুজনেই আউট হন শোধির বলে।
এরপর রিষভ পান্ত ও হার্দিক পান্ডিয়া জুটি গড়ে ধাক্কা কাটিয়ে ওঠার চেষ্টা করেন। কিন্তু ১৯ বলে ১২ রান করে পান্ত আউট হলে ভাঙে ২৬ বলে ২২ রানের এই জুটি। এরপর হাল ধরেন হার্দিক ও রবীন্দ্র জাদেজা। হার্দিক ২৪ বলে ২৩ রান করে ফিরলে ভাঙে সেই জুটিও। দুজনের জুটি থেকে আসে ২২ বলে ২৪। হার্দিক ফিরলে ক্রিজে এসে শার্দুল ঠাকুর ফেরেন ৩ বলে ০ রান করে। আর অষ্টম উইকেটের জুটিতে জাদেজা একাই ৮ বলে ১৬ রান যোগ করেন। এতেই ভারত কোনো মতে টেনেটুনে ১০০ পার করে।
ট্রেন্ট বোল্ট ৪ ওভারে মাত্র ২০ রান দিয়ে নেন ৩ উইকেট। আর ইশ শোধি সমান ওভারে ১৭ রান দিয়ে নেন ২ উইকেট। ১টি করে উইকেট নেন টিম সাউদি ও অ্যাডাম মিলনে।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051