
ভোলার লালমোহনে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দেবরের হামলায় এক গৃহবধূর হাতের ৩টি আঙুল ভেঙে গেছে। গুরুতর আহত হয়ে বরিশাল হাসপাতালে ভর্তি রয়েছেন ওই গৃহবধূ।রোববার বিকালে উপজেলার ধলিগৌরনগর ইউনিয়নের চরমোল্লাজী গ্রামের মন্তাজ মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে।
আহত ওই গৃহবধূ হলেন প্রয়াত বাচ্চু মিয়ার স্ত্রী জুলেখা (৩২)।
জুলেখার ভাই সাংবাদিক এমআর পারভেজ বলেন, ২০১০ সালে আমার এক ভাগনে ও এক ভাগনিকে রেখে দুর্ঘটনায় মারা যান বোনজামাই। এরপর থেকে দুই সন্তান নিয়ে স্বামীর বাড়িতেই বসবাস করেন জুলেখা। জুলেখার বসবাসরত জমি তার নামে রেকর্ড করে দেওয়ার কথা বলে দশ হাজার টাকা নেন জুলেখার শ্বশুর ফয়েজ আহমেদ। ওই বাড়িতে বোনের থাকার ঘরটিও আমরা করে দেই। তবে টাকা নিয়েও ওই জমি বোনের নামে রেকর্ড না করে নিজের নামেই রেকর্ড করে নেন ফয়েজ আহমেদ। এরপর তার ছেলে মহিউদ্দিনকে ওই বাড়িতে জায়গা দেয়।
তিনি আরও বলেন, এ ঘটনায় আমার ভাগনি মনোক্ষুণ্ন হয়ে তার দাদাকে রেকর্ডের নামে প্রতারণার কারণ জিজ্ঞেস করে। এতে ক্ষিপ্ত হয়ে আমার বোনের দেবর মহিউদ্দিন ও তার স্ত্রী জমেলা মিলে ভাগনিকে বেধড়ক মারধর করে। তাকে বাঁচাতে গেলে তার মা জুলেখাকেও ব্যাপক মারধর করে। আঘাতের কারণে জুলেখার হাতের তিনটি আঙুল ভেঙে যায়। পরে সংবাদ পেয়ে বোন ও ভাগনিকে উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে কর্তব্যরত ডাক্তার তাদের উন্নত চিকিৎসার জন্য বরিশালে পাঠান।
অভিযোগ অস্বীকার করে মহিউদ্দিন বলেন, বাড়িতে মহিলাদের সঙ্গে ঝগড়া হয়েছে। আমি তখন বাড়িতে ছিলাম না।
লালমোহন থানার ওসি মাকসুদুর রহমান মুরাদ বলেন, এমন কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
ভিন্নবার্তা ডটকম/আর