করোনার কারণে পিছিয়ে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা। কবে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে সে বিষয়ে আগামীকাল বৃহস্পতিবার জরুরি সভা করবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
ভর্তি পরীক্ষার সঙ্গে সংশ্লিষ্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষক আজ বুধবার রাতে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তারা বলেন, করোনার উদ্ভূত পরিস্থিতির কারণে এই সময়ের মধ্যে পরীক্ষা নেওয়া সম্ভব নয়। শিক্ষা মন্ত্রণালয় থেকে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার ব্যাপারে নির্দেশনা দেওয়া হয়েছে।
আগামী ২১ মে থেকে বিজ্ঞান অনুষদভুক্ত ‘ক’ ইউনিটের মাধ্যমে শুরু হওয়ার কথা ছিল ঢাবির প্রথম বর্ষের স্নাতক ভর্তি পরীক্ষা। ৫ জুন চারুকলা অনুষদভুক্ত ‘চ’ ইউনিটের তত্ত্বীয় পরীক্ষা এবং অঙ্কন পরীক্ষার মাধ্যমে শেষ হওয়ার কথা ছিল।
জানা যায়, কয়েকদিন আগে বিজ্ঞান অনুষদ, কলা অনুষদ, সামাজিক বিজ্ঞান অনুষদ, ব্যবসায় শিক্ষা অনুষদ ও চারুকলা অনুষদের ডিনরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে সভা করেন। সেখানে করোনা উদ্ভূত পরিস্থিতির বিষয়ে আলোচনা হয়। এমন পরিস্থিতিতে ডিনদের পক্ষে পরীক্ষার প্রস্তুতি নেওয়া সম্ভব নয় বলে উপাচার্যকে জানান ডিনরা। এতে উপাচার্য ডিনদের সঙ্গে সম্মতি জ্ঞাপন করেন।
এ বিষয়ে সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. সাদেকা হালিম গণমাধ্যমকে বলেন, সম্প্রতি দেশে করোনা পরিস্থিতি বেড়ে গেছে। এ কারণে ভর্তি পরীক্ষা নেওয়া সম্ভব নয়। আগামীকাল উপাচার্যের সঙ্গে আমাদের সভা হবে। সেখানে সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা হবে। ডিনদের মতামতের ভিত্তিতে নতুন ঘোষণা আসবে।
নাম প্রকাশ না করার শর্তে ভর্তি পরীক্ষার সঙ্গে সংশ্লিষ্ট একটি অনুষদের ডিন গণমাধ্যমকে বলেন, করোনা পরিস্থিতি স্বাভাবিক না হলে পরীক্ষা নেওয়া সম্ভব নয়। তাছাড়া, কয়েকটি বিশ্ববিদ্যালয় পরীক্ষার তারিখ ঘোষণা করেছে। সেসব বিবেচনা করা হবে। তবে, আমাদের চিন্তাভাবনা থাকবে আগামী আগস্ট মাসের মধ্যে পরীক্ষা সম্পন্ন করার।
করোনা পরিস্থিতির কারণে এ বছরের স্নাতক ভর্তি পরীক্ষা ঢাকার বাইরে বিভাগীয় শহরগুলোতেও নেওয়া হবে। এ ক্ষেত্রে বিভাগীয় বিশ্ববিদ্যালয়গুলোতেই পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে জানান বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মাকসুদ কামাল।
এর আগে বিজ্ঞান অনুষদভুক্ত ‘ক’ ইউনিটের পরীক্ষা আগামী ২১ মে, কলা অনুষদভুক্ত ‘খ’ ইউনিটের পরীক্ষা ২২ মে, ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত ‘গ’ ইউনিটের পরীক্ষা ২৭ মে, সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘ঘ’ ইউনিটের পরীক্ষা ২৮ মে এবং চারুকলা অনুষদভুক্ত ‘চ’ ইউনিটের তত্ত্বীয় পরীক্ষা অঙ্কন পরীক্ষা ৫ জুন অনুষ্ঠিত হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়।
ভিন্নবার্তা ডটকম/এন
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051