পটুয়াখালীতে ভরণ-পোষণের দাবিতে ছেলের বিরুদ্ধে মামলা করেছেন এজেডএম সাহানুর (৭৪) নামে এক বৃদ্ধ।
রোববার দুপুরে পটুয়াখালীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (বাউফল ২য় আমলি) আদালতে এ অভিযোগ দায়ের করেন। অভিযোগ আমলে নিয়ে বিচারক আমিনুল ইসলাম ছেলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন।
অভিযুক্ত ছেলে মো. মুজাম্মেল (৩৭) বাউফল উপজেলার নওমালা ইউনিয়নে স্বাস্থ্য সহকারী পদে কর্মরত। ২০১৩ এর ৪/৫ ধারায় পিতামাতার ভরণ-পোষণ আইনে পটুয়াখালীতে এই প্রথম মামলাটি হয়।
বাদীপক্ষের আইনজীবী রুহুল আমিন ও গাজী মাজহারুল ইসলাম বলেন, বাদীর স্ত্রী মারা যাওয়ার পর ছেলের ভবিষ্যত বিবেচনা করে তিনি আর দ্বিতীয় বিবাহ করেননি। মায়ের অভাব বুঝতে না দিয়ে ছেলেকে উচ্চশিক্ষিত করেছেন সাহানুর রহমান।
কিন্তু ছেলে প্রতিষ্ঠিত হওয়ার পর বাবাকে অবহেলা করতে শুরু করে। সম্প্রতি তাকে ডাক্তার দেখানোর কথা বলে বাউফল নিয়ে ১৬ শতাংশ জমি তার নামে লিখে নেয়। কিছুদিন না যেতেই বাকি সম্পত্তি ছেলের নামে লিখে দিতে নানাভাবে প্রভাবিত করে।
এতে তিনি (পিতা) আপত্তি জানালে তার ভরণ-পোষণ বন্ধ করে দেয়া হয়। এরই ধারাবাহিকতায় গত ২০ মার্চ গালমন্দ করে ঘাড়ধাক্কা দিয়ে এক কাপড়ে বৃদ্ধ বাবাকে ঘর থেকে বের করে দেয়া হয়। বর্তমানে অন্যের ঘরে বসবাস করছেন তিনি।
বাদীর মেয়ে জান্নাত জানান, মামলার পূর্বে স্থানীয় ইউপি চেয়ারম্যানসহ একাধিক জনপ্রতিনিধির কাছে তারা দ্বারস্থ হয়েছেন। শেষমেশ পটুয়াখালী পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ দেয়া হলেও কোনো সুরাহা হয়নি। পরে বাধ্য হয়ে তার বাবা মামলা দায়ের করেন।
ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051