
নেত্রকোনা প্রতিনিধিঃ ভবিষ্যৎ প্রজন্মের কাছে কৃষি ও কৃষকের সম্পদ বীজ তুলে দেওয়ার প্রত্যয়ে নেত্রকোনা জেলার কাইলাটি ইউনিয়নের আব্বাছিয়া উচ্চ বিদ্যালয়ে এক ব্যতিক্রমী বীজ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান ‘বারসিক’র সহযোগিতায় বিদ্যালয়ের ৩০০ শিক্ষার্থীর মাঝে স্থানীয় জাতের লাউ, সীম ও করল্লার বীজ বিতরণ করা হয়।
বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এই বীজ বিতরণ অনুষ্ঠানটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন কাইলাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল হক। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আব্বাছিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুর রশিদ।
অনুষ্ঠানে বক্তারা বীজ সার্বভৌমত্ব ও কৃষকের অধিকারের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তারা বলেন, "বীজ হচ্ছে কৃষকের মৌলিক সম্পদ। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় যে, আমাদের এই ঐতিহ্যগত শস্য ফসলের বীজ আজ বহুজাতিক কোম্পানির নিয়ন্ত্রণে চলে যাচ্ছে। কোম্পানিগুলোর বাণিজ্যিক আগ্রাসন থেকে বাঁচতে আমাদের শস্য ফসলের বীজ আমাদেরই সংগ্রহ ও সংরক্ষণ করতে হবে।"
ইউপি চেয়ারম্যান নাজমুল হক বলেন, "আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের দেশের কৃষি, মাটি ও বীজের অধিকারকে ধরে রাখবে। ওরাই আগামী দিনের সচেতন নাগরিক, যারা বাণিজ্যিক কৃষির বাইরে গিয়ে নিজেদের কৃষি ঐতিহ্য রক্ষা করবে"
এই আয়োজনের অন্যতম উল্লেখযোগ্য দিক ছিল গ্রামীণ নারীদের অংশগ্রহণ। স্থানীয় গ্রামীণ নারীরা পরম যত্নে নিজেদের ঘরে সংরক্ষিত লোকজ জাতের বীজ সরবরাহ করে এই অনুষ্ঠানে সরাসরি সহযোগিতা করেছেন। কৃষিতে বীজ সংরক্ষক হিসেবে গ্রামীণ নারীদের এই ভূমিকা উপস্থিত সকলের প্রশংসা কুড়ায়।
বীজ পেয়ে শিক্ষার্থীরা অত্যন্ত আনন্দিত ও উৎসাহিত। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুর রশিদ জানান, শিক্ষার্থীরা এই বীজগুলো নিয়ে নিজ নিজ বাড়ীতে রোপণ করে ফল পাবে এবং তারা যেন সঠিকভাবে গাছের পরিচর্যা করে তা বিদ্যালয় থেকে তদারকি করা হবে।"
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051