
ব্রিটেনের সাবেক চ্যান্সেলর ঋষি সুনাক কনজারভেটিভ পার্টির নেতা ও দেশটির পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার জন্য প্রচার শুরু করেছেন।
বিবিসি জানিয়েছে, প্রচারের সময় সুনাক তার শেকড়ের ওপর জোর দিয়েছেন এবং বলেছেন- তার পরিবারই তার কাছে সবকিছু। সেইসঙ্গে জোর দিয়ে বলেছেন- তিনি শুধু রূপকথার প্রার্থী হয়ে থাকবেন না , প্রকৃত অর্থে কাজ করবেন।
ঋষি সুনাক টুইটারে প্রচারণার সময় বলেছেন, কাউকে না কাউকে এই গুরুত্বপূর্ণ মুহূর্তে সঠিক সিদ্ধান্ত নিতে হবে।
এ কারণেই আমি কনজারভেটিভ পার্টির পরবর্তী নেতা এবং আপনার প্রধানমন্ত্রী হতে দাঁড়িয়েছি।
সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা ভিডিওতে ঋষি সুনাক তার পরিবারের গল্পও তুলে ধরেছেন। সুনাক দাদির গল্প বলেছেন; যিনি উন্নত জীবনের আশায় ইংল্যান্ডের বিমানে চড়েছিলেন। তিনি একটি চাকরি খুঁজে পেয়েছিলেন কিন্তু স্বামী -সন্তানদের এখানে আনার জন্য পর্যাপ্ত অর্থ সঞ্চয় করতে তার প্রায় আট বছর লেগেছিল।
এ সপ্তাহের শুরুতে সুনাকের পদত্যাগ বরিস জনসনের মন্ত্রিসভায় বড় ধরনের সঙ্কট তৈরি করেছিল। বরিস জনসনকে পদত্যাগ করতে বাধ্য করেছিল সুনাকের সিদ্ধান্ত।
ঋষি সুনাক যদি শীর্ষ পদে জয়ী হন, তাহলে তিনিই হবেন প্রথম ভারতীয় বংশোদ্ভূত যিনি ব্রিটিশ প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন। প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে নাম লেখানোর আগে থেকেই প্রচারের আলোয় ছিলেন সুনাক।
ব্রিটেনের মন্ত্রিসভার শীর্ষ পদগুলোর মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ পদে ছিলেন তিনি। তবে সম্প্রতি ব্রিটেনের অর্থমন্ত্রী পদ থেকে ইস্তফা দেন। তার ইস্তফার কয়েক মিনিটের মধ্যেই ইস্তফা দেন স্বাস্থমন্ত্রী সাজিদ জাভেদ।
এরপরই শুরু হয় ইস্তফা জমা দেবার হিড়িক। একদিনের মধ্যেই ৫০ জন মন্ত্রীর ইস্তফা দানের পর চাপের মুখে পড়ে নিজের মন্ত্রিত্ব ছেড়ে দেন বরিস জনসন। জনসন বলেছেন- তিনি ১০ নম্বর ডাউনিং স্ট্রিটের দায়িত্বে থাকবেন; সেটাও যতক্ষণ না নতুন নেতা নির্বাচনের প্রক্রিয়া শেষ হয়।
সূত্র: বিবিসি।
ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ