ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতে ইসলামের দুই নেতা মাওলানা আবদুল হক ও মো. আবুল কাসেম ভূঁইয়াকে গ্রেপ্তার জেলা গোয়েন্দা পুলিশ। তাদের বিরুদ্ধে ২৬ থেকে ২৮ মার্চ সংগঠনটির ডাকা বিক্ষোভ ও হরতাল চলাকালে ব্যাপক ভাঙচুর ও সহিংসতার অভিযোগ আনা হয়েছে।
জেলার পৌর এলাকার কান্দিপাড়া ও আশুগঞ্জ বাজার থেকে বৃহস্পতিবার দিবাগত রাতে তাদের গ্রেপ্তার করা হয়। এক প্রেস বিজ্ঞপ্তিতে জেলা পুলিশ এ সব তথ্য জানায়।
গ্রেপ্তার আবদুল হক ব্রাহ্মণবাড়িয়া জেলা হেফাজত ইসলামের সহ দপ্তর সম্পাদক ও জামিয়া ইউনুছিয়া মাদ্রাসার সিনিয়র শিক্ষক হিসেবে কর্মরত আছেন। তিনি পৌর এলাকার কান্দিপাড়া মহল্লার মৃত আবদুল মান্নাফের ছেলে।
অন্যদিকে আবুল কাসেম বেড়তলা মাদ্রাসার সেক্রেটারি ও হেফাজত নেতা হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনি আশুগঞ্জ বগইর গ্রামের মৃত জাহের ভূঁইয়ার ছেলে।
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা লোকমান হোসেন জানান, আবদুল হক ও মো. আবুল কাশেম ভূঁইয়া প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন ২৬ থেকে ২৮ মার্চ হেফাজতের কেন্দ্রীয় নেতৃবৃন্দের নির্দেশে সরকার উৎখাতের পরিকল্পনার অংশ হিসেবে জামিয়া ইউনুছিয়া মাদ্রাসাসহ আশপাশের বিভিন্ন মাদ্রাসার ছাত্র শিক্ষককে নিয়ে ‘ব্যাপক তাণ্ডবলীলা’ চালান। এ সময় তাদের ও সিনিয়র মুরুব্বিদের প্রত্যক্ষ নির্দেশে জেলার বিভিন্ন সরকারি-বেসরকারি স্থাপনায় ভাঙচুর ও অগ্নিসংযোগ চালানো হয়। এ ছাড়া আবুল কাসেমের নির্দেশনায় বেড়তলা মাদ্রাসার ছাত্র-শিক্ষকেরা ঢাকা-সিলেট মহাসড়কের সরাইল বিশ্বরোড এলাকায় মহাসড়ক অবরোধ এবং আশুগঞ্জ টোলপ্লাজায় ব্যাপক ভাঙচুর চালায়। তাদের রিমান্ডে এনে আরও জিজ্ঞাসাবাদ করা হবে।
ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ সূত্র জানায়, হেফাজতে ইসলামের নেতা-কর্মীরা রেলস্টেশন, পৌরসভা, ভূমি অফিস, পুলিশ সুপার কার্যালয়, সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন সংগীতাঙ্গনসহ অর্ধশত সরকারি বেসরকারি স্থাপনা ধ্বংস করে। এ ঘটনায় ব্রাহ্মণবাড়িয়া, আশুগঞ্জ, সরাইল, রেলওয়ে থানায় মোট ৫৫টি মামলা দায়ের করা হয়েছে। এ পর্যন্ত গ্রেপ্তার হয়েছে ৫৫৭ জন।
ভিন্নবার্তা ডটকম/এন
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051