বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের পুনর্বাসনের অংশ হিসেবে ব্যাটারিচালিত অটোরিকশা চালানোর অনুমতি চায় প্রতিবন্ধী ঐক্য সমাজ। জাতীয় প্রেস ক্লাবের সামনে আজ শনিবার অনুষ্ঠিত এক মানববন্ধন থেকে এ দাবি জানানো হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, আমরা শারীরিকভাবে প্রতিবন্ধী। রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা নিয়ে বেঁচে থাকার অধিকার আমাদের আছে। আমাদের সরকারি ভাতা মাত্র ৭৫০ টাকা। এই নামমাত্র টাকা দিয়ে তেল, লবণ, পেঁয়াজ ছাড়া আর কিছুই কেনা সম্ভব নয়। আমাদের পরিবার আছে, সন্তান আছে। খাদ্য, চিকিৎসা, বাসস্থান ও মেধা থাকলেও তাদের সুশিক্ষার ব্যবস্থা করতে পারি না। আমাদের দুঃখ-কষ্ট, আর্তচিৎকার কখনোই তেমন করে আপনাদের কানে পৌঁছায় না।
বক্তারা আরও বলেন, আমরা চেষ্টা করি যেমন কর্ম পারি, সে পথ ধরে নিজেকে একটু এগিয়ে নেওয়ার। তারপরও পথ চলতে আমাদের ওপর বিভিন্ন প্রশাসনিক বাধার সম্মুখীন হতে হয়। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের কামরাঙ্গীরচর, লালবাগ, হাজারীবাগ, কেরানীগঞ্জ, জুরাইন, মুগদা, মান্ডা, খিলগাঁওসহ আশপাশের এলাকায় বসবাসরত শারীরিক প্রতিবন্ধীর সংখ্যা আট শতাধিক। তাদের বেশিরভাগই বেকার হয়ে পড়েছে। আমরা শারীরিকভাবে অক্ষমতার কারণে ব্যাটারিচালিত অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করছি। কিন্তু, সরকার এসব যানবাহনের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে। অন্তত আমরা যারা শারীরিকভাবে অক্ষম, তারা ব্যাটারিচালিত অটোরিকশা বা ব্যাটারিচালিত গাড়ি চালানোর অনুমতি চাচ্ছি।
বক্তারা বলেন, আমরা প্রত্যাশা করি প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের দাবি মেনে নিয়ে বেঁচে থাকার সুযোগ করে দেবেন।
মানববন্ধনে উপস্থিত ছিলেন—ঢাকা মহানগর দক্ষিণ কেন্দ্রীয় কমিটি প্রতিবন্ধী ঐক্য সমাজের সভাপতি মো. আল মাহমুদ হোসেন, সহ-সভাপতি মো. কামাল হোসেন, সাধারণ সম্পাদক মো. আলমগীর, সাংগঠনিক সম্পাদক মো. রাসেল, কোষাধ্যক্ষ মো. মোশারফ হোসেন, প্রচার সম্পাদক মো. আল-আমিন হোসেন, দফতর সম্পাদক মোহাম্মদ হারুন প্রমুখ।
ভিন্নবার্তা ডটকম/এন
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051