
গাজীপুরে ব্যাংকে ঢুকে বোমা ফাটানোর হুমকি দিয়ে টাকা চাওয়ার ঘটনায় দায়ের করা মামলায় গ্রেফতার আবু বকর সিদ্দিককে (৩০) জিজ্ঞাসাবাদের জন্য তিনদিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।
আবু সিদ্দিক বাগেরহাটের মোড়লগঞ্জ থানার বিসারীঘাটা এলাকার মৃত সেকান্দার আলী হাওলাদারের ছেলে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) গাজীপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তার সাতদিনের রিমান্ড চেয়ে আবেদন করে পুলিশ। শুনানি শেষে বিচারক মো. হামিদুল ইসলাম তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন।
বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে চান্দনা চৌরাস্তায় শাপলা ম্যানশনের প্রাইম ব্যাংকে বোম নিয়ে ঢোকে আবু বক্কর। পরে ম্যানেজারকে জিম্মি ও টাকা লুট করার চেষ্টা করে। এ সময় ম্যানেজার তাকে বসিয়ে রেখে কৌশলে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই যুবককে আটক করে।
ওসি রফিকুল ইসলাম আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আবু বকর সিদ্দিক জানায়, ২০০৭ সালে বাগেরহাটের একটি মাদ্রাসায় লেখাপড়া করেছেন। পরে অর্থের অভাবে তিনি চাকরি নেন। করোনা ভাইরাসের সময় তিনি গাজীপুরের একটি কারখানা থেকে চাকরিচ্যুত হন। পরে আবু বকর ব্যাংক লুটের পরিকল্পনা করেন। বুধবার দুপুরে গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তায় এলাকায় প্রাইম ব্যাংকের শাখায় ঢুকে ম্যানেজারকে বোমা ফাটানোর ভয় দেখিয়ে ব্যাংক লুটের হুমকি দেয়। এরপর ব্যাংকে বোমা রাখার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসে। প্রথমে ব্যাংক ও মার্কেটের লোকজনদের নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করা হয়। পরে বোমটি নিষ্ক্রিয় করার পদক্ষেপ নেওয়ার পাশাপাশি আবু বক্করকে আটক করা হয়। ওই দিন রাতেই ব্যাংক ম্যানেজার এম ফরিদ আহম্মেদ বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে বাসন থানায় ওই যুবকের বিরুদ্ধে মামলা করেন।
এরপর বৃহস্পতিবার সকালে গাজীপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সাতদিনের রিমান্ড চেয়ে আবেদন করলে বিচারক মো. হামিদুল ইসলাম তার তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন।
ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ