ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করতে গিয়ে ব্যবসায়ীদের তোপের মুখে পড়েছেন রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) নির্বাহী ম্যাজিস্ট্রেট সমর কুমার পাল।
বৃহস্পতিবার বেলা সাড়ে ৩টার দিকে মহানগরীর সাহেববাজারে এ ঘটনা ঘটে। অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত কয়েক দিন ধরেই সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে মহানগরীর বিভিন্ন এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ ও ট্রেড লাইসেন্সবিহীন দোকানে অভিযান পরিচালনা করা হচ্ছে। বৃহস্পতিবার দুপুরের পর সাহেববাজার এলাকায় এ অভিযান চলছিল।
অভিযানের সময় সাহেববাজার কাপড়পট্টি এলাকার ‘কুমকুম শাড়ি ঘর’ নামের একটি দোকানের ট্রেড লাইসেন্সের মেয়াদ না থাকায় ৬ হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। এরপর ‘হৃদয় হৃদি বস্ত্র বিতান’ নামের আরেকটি দোকানে ট্রেড লাইসেন্স দেখতে গেলে উত্তেজনা দেখা দেয়।
একপর্যায়ে অন্যান্য দোকান মালিক ও কর্মচারীরা ম্যাজিস্ট্রেট ও তার সাথে থাকা পুলিশের গাড়ি ঘেরাও করেন। তখন তাদের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় ও হাতাহাতির ঘটনা ঘটে। পরে বাজার মালিক সমিতির নেতারা এবং অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
এ বিষয়ে কথা বলতে নির্বাহী ম্যাজিস্ট্রেট সমর কুমার পালের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হয়। তবে তার সঙ্গে কথা বলা যায়নি।
মহানগরীর বোয়ালিয়া থানার ওসি নিবারণ চন্দ্র বর্মণ বলেন, বাজারে একটু সমস্যা হয়েছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051