ক্রিকেট খেলা যারা দেখেন তারা ' উইলোবাজি' শব্দটির সঙ্গে বেশ পরিচিত। কারণ ক্রিকেট ব্যাট তৈরি হয় উইলো গাছের কাঠ দিয়ে। চামড়ার বলের সাথে উইলো কাঠের সংযোগে ঠক্ ঠক্ আওয়াজ ক্রিকেটপ্রেমীদের মন ভরিয়ে দেয়। তবে অদূর ভবিষ্যতে বদলে যেতে পারে এই শব্দ। দর্শকরা শুনতে পাবেন বলের সাথে বাঁশের লড়াই। আশ্চর্য হলেও সত্য যে, ইংল্যান্ডের কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের গবেষকরা তৈরি করেছেন বাঁশের ক্রিকেট ব্যাট।
গবেষকদের দাবি, ল্যামিনেটেড বাঁশের এই ব্যাট বর্তমানে চালু উইলো কাঠের তৈরি ব্যাট থেকে বেশি মজবুত, দামে সস্তা এবং পরিবেশের জন্য ক্ষতিকর নয়। এর 'সুইট স্পট' অর্থাৎ ব্যাটের মধ্যভাগে বলের সাথে সংযোগের জায়গাও অনেক বেশি। কেমব্রিজের সেন্টার ফর ন্যাচারাল মেটেরিয়াল ইনোভেশনের ড. ডার্শিল শাহ বলেছেন, 'এই বাঁশের ব্যাট ব্যাটসম্যানদের স্বপ্নকে বাস্তবে রূপ দেবে। বাঁশের ব্যাটের সুইট স্পট দিয়ে ইয়র্কার থেকে চার মারা কোনো ব্যাপারই না। সব ধরনের স্ট্রোকেই এটা কাজে দেবে।'
ড. শাহ এবং বেন টিঙ্কলার ডেভিস মিলে এই বাঁশের এই প্রোটোটাইপ ব্যাট তৈরি করেছেন। জার্নাল অফ স্পোর্টস এঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি সাময়িকীতে এই গবেষণার ফলাফল প্রকাশিত হয়েছে। এই গবেষণায় দেখা গেছে, উইলো কাঠের তুলনায় বাঁশের ব্যাট ২২% বেশি মজবুত। ফলে ব্যাটে বল লাগার পর এর গতি বেড়ে যায়। উইলোর তৈরি ব্যাটের তুলনায় বাঁশের ব্যাট ৪০% বেশি ভারী। তবে গবেষকরা বলছেন ব্লেডের ওজন তারা কমিয়ে আনতে পারবেন।
উইলো ব্যাটের সাথে বলের সংযোগের পর ব্যাটসম্যান যে কম্পন অনুভব করেন, বাঁশের ব্যাটের ক্ষেত্রে তার কোনো পার্থক্য ঘটবে না। তাছাড়া ক্রিকেটের ব্যাপক প্রসারের ফলে ভালো মানের উইলো কাঠ ক্রমশই দুষ্প্রাপ্য হয়ে উঠেছে। একটা উইলো গাছ বড় হতে অন্তত ১৫ বছর সময় লাগে। সেই তুলনায় 'মেসো' জাতের বাঁশ পাকতে সময় নেয় পাঁচ থেকে ছয় বছর। দক্ষিণ-পূর্ব এশিয়া এবং দক্ষিণ আমেরিকায় এই বাঁশ প্রচুর জন্মে।
বাঁশের ব্যাটের পরিবেশবান্ধব দিকটা তুলে ধরে ড. ডার্শিল শাহর সহ গবেষক বেন টিঙ্কলার ডেভিস বলেছেন, 'ক্রিকেট এমনিতেই আপনাকে প্রকৃতির কাছাকাছি নিয়ে যায়। কারণ আপনি কয়েক ঘণ্টা ধরে থাকেন সবুজ মাঠে। কিন্তু টেকসই প্রযুক্তি কাজে লাগিয়ে এই খেলা আরও বেশি পরিবেশ-বান্ধব হয়ে উঠতে পারে। আমরা এক সুবর্ণ সুযোগ খুঁজে পেয়েছি যেটা ব্যবহার করে স্বল্প আয়ের দেশগুলো এখন সস্তায় ব্যাট তৈরি করতে পারবে।'
বিষয় হলো, বাঁশের ব্যাট অনুমোদন দিতে হলে ক্রিকেট আইনে পরিবর্তন আনতে হবে। ঐতিহ্যগতভাবে ক্রিকেট খেলার নিয়মকানুন তৈরি করে আসছে লন্ডনের মেরিলিবোন ক্রিকেট ক্লাব (এমসিসি)। এই ক্লাব ব্যাটের গঠন প্রকৃতিও নির্ধারণ করেছে। সেই আইন অনুযায়ী, ক্রিকেট ব্যাটের ব্লেড তৈরি হতে হবে শুধুমাত্র কাঠ দিয়ে। ফলে ভবিষ্যতে বাঁশের ব্যাট নিয়ে পিচে নামতে হলে এমসিসির সেই আইনে পরিবর্তন ঘটাতে হবে। কারণ বাঁশ কাঠ নয়, এটা বিশেষ জাতের ঘাস।
ক্রিকেটে বাঁশের ব্যাট ব্যবহার সম্পর্কে এমসিসির পক্ষ থেকে এখনও কোনো মন্তব্য পাওয়া যায়নি। আইসিসির আইনের পরিবর্তন নিয়ে ড. ডার্শিল শাহ বলছেন, বাঁশের ব্যাট অনুমোদন দেওয়ার ব্যাপারটি এমসিসিকেই ভাবতে হবে। তবে তিনি মনে করেন, বাঁশের ব্যবহার নিয়ে খুব একটা বিতর্ক হবে না। কারণ ব্যাটের হাতলে বেত ব্যবহার করা হয়, যেটি বাঁশেরই একটি জাত। যদি সত্যিই আইসিসি এই ব্যাটের অনুমোদন দেয়; তবে ভবিষ্যতে উইলোর বদলে বাঁশ হাতে বোলারদের ওপর চড়াও হবেন ব্যাটসম্যানরা!
সূত্র: বিবিসি বাংলা
ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051