কেরানীগঞ্জে সরকারি জায়গা দখল চাঁদাবাজ সিন্ডিকেটের বিরুদ্ধে প্রতিবাদ করায় ছাত্র অধিকার ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহযোদ্ধা সাজ্জাদুল ইসলাম সাজ্জাদের ওপর হামলা চালিয়েছে দখলবাজ, চাঁদাবাজ সন্ত্রাসীরা।
রবিবার (১৭ নভেম্বর) রাতে দক্ষিণ কেরানীগঞ্জ ইকুরিয়া বেপারীপাড়া নিজ বাসায় ফেরার পথে ইকুরিয়া প্রাথমিক বিদ্যালয়ের সামনে সন্ত্রাসী চাঁদাবাজদের হামলার স্বীকার হয়েছেন তিনি।
আহত অবস্থায় সাজ্জাদকে তার সঙ্গীয় বন্ধু ও স্থানীয়রা উদ্ধার করে স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ হাসপাতালে (মিটফোর্ড) ভর্তি করে। অবস্থার উন্নতি হলে সোমবার বিকেলে সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ বাদী হয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, রবিবার রাতে বাদী ও তার বন্ধু নিজ বাসায় ফেরার পথে বিবাদী হাসিবুল হাসান অনিক ওরফে ময়লা অনিক, ওরফে টেপা অনিক (২৬) ইফাজ (২৪), হৃত্তিক (২৪), সোহান ওরফে ডিব্বা সোহান (২৮) ও কালা বাবু (৩০)সহ আরো ৭/৮ অজ্ঞাতকে আসামি করা হয়েছে।
পারিবারিক সূত্রে জানা যায়, গত ২১ সেপ্টেম্বর সাজ্জাদ ইসলাম এ সিন্ডিকেটের বিরুদ্ধে প্রতিবাদ ও মানববন্ধন করেছে। সেখানে চাঁদাবাজ ও সন্ত্রাস সিন্ডিকেটের বিরুদ্ধে সাংবাদিকদের সাক্ষাৎকার দেওয়ার কারণে ওই সিন্ডিকেটটি হামলার ঘটনা ঘটিয়েছেন বলে জানিয়েছেন।
এ হামলার ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি সামাজিক সংগঠক সায়মন চৌধুরী জানান, আমি রাতে খবর শুনেছি।
সকালে তার বাসায় গিয়ে তার খোঁজ-খবর নিয়েছি। সবাইকে খবর দিয়ে বিকেলে থানায় অবগত করেছি।
তিনি বলেন, এ হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আমরা জনগণের অধিকার নিয়ে কথা বলায় আমাদের ভাইদের ওপর হামলা চালিয়েছে চাঁদাবাজ সন্ত্রাসীরা।
থানা পুলিশ আইন-শৃঙ্খলা বাহিনীর প্রতি অনুরোধ থাকবে ২৪ ঘণ্টার মধ্যে সাজ্জাদ ইসলামের ওপর হামলায় জড়িত আসামিদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।
গণঅধিকার কেন্দ্রীয় প্রচার সম্পাদক মো. শহিদুল ইসলাম বলেন, কেরানীগঞ্জে ছাত্র অধিকার নেতা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সহযোদ্ধা সাজ্জাদ ইসলামের ওপর হামলার ঘটনায় গণঅধিকার কেন্দ্রীয় সংগঠনের পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। যারা এ হামলা করেছে প্রশাসনের আইন-শৃঙ্খলা বাহিনীর প্রতি অনুরোধ হামলায় জড়িত আসামিদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমুলক শাস্তির আওতায় আনতে হবে।
এ হামলার ঘটনায় গণঅধিকার, ছাত্র অধিকার, যুব অধিকার, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে নিন্দা ও প্রতিবাদের ঝড় বইছে।
হামলার ঘটনায় দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম জানান, বিকেলে সাজ্জাদ নামে এক ছাত্রের ওপর হামলার ঘটনায় একটি অভিযোগ পেয়েছি।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও ছাত্র অধিকারের পক্ষ থেকে তাদের প্রতিনিধিরা এসেছেন। আমি এ হামলায় জড়িত যেই হোক আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে ও মামলা প্রক্রিয়াধীন।
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051