নিয়ন্ত্রণহীন গতিতে মোটরসাইকেল নিয়ে কসরত (স্টান্ট) করতে গিয়ে সড়ক দুর্ঘটনায় রাকেশ গাইন আকাশ (২১) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (২৬ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গোপালগঞ্জের কাশিয়ানি উপজেলার মধুমতী সেতুতে (কালনা সেতু) এ দুর্ঘটনা ঘটে।
লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দীন বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত রাকেশ গাইন আকাশ নড়াইল সদর উপজেলার মুলিয়া ইউনিয়নের বাঁশভিটা গ্রামের কার্তিক গাইনের ছেলে। তিনি নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের ব্যবস্থাপনা বিভাগের সম্মান ২য় বর্ষের শিক্ষার্থী ছিলেন।
আহতরা হলেন- রাকেশ গাইন আকাশের চাচাতো ভাই ও শ্যামল গাইনের ছেলে সজল গাইন (২০) ও একই গ্রামের হরিচান বিশ্বাসের ছেলে প্রিতম বিশ্বাস (২০)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, একটি মোটরসাইকেলযোগে তিন বন্ধু মধুমতী সেতুর গোপালগঞ্জ প্রান্ত থেকে দ্রুতগতিতে নড়াইল প্রান্তের দিকে যাচ্ছিলেন। এ সময় নিয়ন্ত্রণহীন গতির পাশাপাশি স্টান্ট প্রদর্শন করছিলেন। একপর্যায়ে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর মাঝ বরাবর ছিটকে পড়ে। পরে প্রত্যক্ষদর্শীরা গুরুতর আহত অবস্থায় তিনজনকে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক মারুফা তাসনিম বলেন, সড়ক দুর্ঘটনায় আহত তিনজনকে জরুরি বিভাগে আনা হয়। তাদের মধ্যে রাকেশ গাইন আকাশ হাসাপাতালে আনার আগেই মারা গেছেন। অপর দুইজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে খুলনা মেডিকেলে পাঠানো হয়েছে।
ভাটিয়াপাড়া হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান শরিফুল ইসলাম বলেন, মধুমতী সেতুর (কালনা সেতু) ওপর সড়ক দুর্ঘটনায় তিন বন্ধুর মধ্যে চালক রাকেশ গাইন আকাশের মৃত্যু হয়েছে। অপর দুই বন্ধু আশঙ্কাজনক অবস্থায় খুলনা মেডিকেলে চিকিৎসাধীন রয়েছে। আইনানুগ ব্যবস্থা শেষে নিহতের মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হবে।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051