ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনায় টানা প্রায় ৫ ঘণ্টা মহাসড়ক অবরোধের ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত।
তিনি বলেন, গার্মেন্টস ইন্ডাস্ট্রি করে শ্রমিকের বেতন না দিয়ে রাস্তা বন্ধ করে জনগণের দুর্ভোগ বাড়াবেন, এটা উচিত না। শ্রমিকদের বেতন দিতে না পারলে গার্মেন্টস বন্ধ করে দিন।
শুক্রবার সকালে চান্দিনা উপজেলা পরিষদ মিলনায়তনে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে হাইব্রিড ও উফশী ধানের বীজ এবং সার বিতরণী অনুষ্ঠানে ক্ষোভ প্রকাশ করে এসব কথা বলেন তিনি।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য স্বাধীনতা পদকপ্রাপ্ত ডা. প্রাণ গোপাল দত্ত চান্দিনায় অবস্থিত পোশাক কারখানার মালিককে উদ্দেশ্যে করে বলেন, আপনি গার্মেন্টস চালান, মালামাল রপ্তানি করেন, লাভ করেন। লাভের টাকা থেকে শ্রমিকদের বোনাস দেন আর না দেন ওদের বেতনটা মাসের ১ তারিখেই ঠিকমতো পরিশোধ করেন।
এসময় তিনি শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধ না করলে গার্মেন্টস মালিকের প্রতি ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেন উপজেলা প্রশাসনকে।
চান্দিনা উপজেলা নির্বাহী অফিসার আশরাফুন নাহারের উদ্দেশে এমপি প্রাণ গোপাল দত্ত বলেন, ‘ঠিকমতো বেতন পরিশোধ না করলে আপনার ক্ষমতাবলে ব্যবস্থা নিন। আমি আপনার পাশে থাকবো। চান্দিনাতে যাতে এমন ঘটনার পুনরাবৃত্তি না ঘটে সেদিকে খেয়াল রাখতে হবে।
এর আগে বকেয়া বেতনের দাবিতে গত ২৪ নভেম্বর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনা হাড়িখোলা অংশ অবরোধ করে যান চলাচল বন্ধ করে দেয় স্থানীয় একটি পোশাক কারখানার শ্রমিকরা। এতে মহাসড়কের প্রায় ৩০ কিলোমিটার এলাকায় যানজট সৃষ্টি হয়। এতে চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা। দীর্ঘ প্রায় ৫ ঘণ্টা পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
চান্দিনা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর আয়োজনে ধানের বীজ ও সার বিতরণী ওই অনুষ্ঠানে চান্দিনা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আশরাফুন নাহারের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন চান্দিনা উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তপন বকসী।
ভিন্নবার্তা ডটকম/এন
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051