বৃষ্টিপাতের কারনে রাজধানীর বিভিন্ন সড়কে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। বুধবার সন্ধ্যা থেকে শুরু হওয়া বৃষ্টির ফলে সৃষ্ট জলাবদ্ধতায় ভোগান্তিতে পড়তে হয়েছে নগরবাসীকে।
বৃষ্টিপাতের ফলে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন পয়েন্ট, ঢাকা মেডিকেলের বহির্বিভাগ গেট, ফ্লাইওভারে ওঠার মুখে একুশে হলের গেটের সামনের সড়ক এখন পানির নিচে।
এছাড়া রাজধানীর যাত্রাবাড়ী, শাহবাগ, শান্তিনগর, মিরপুর, মতিঝিলসহ বিভিন্ন এলাকার প্রধান সড়ক ও অলিগলি পানির নিচে তলিয়ে গেছে।
আবহাওয়াবিদ মো. হাফিজুর রহমান বলেন, বুধবার সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত রাজধানীতে ২৮ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। সাগরে আগামী ৪৮ ঘণ্টা লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে। এতে আগামী দু–তিন দিন বৃষ্টিপাত বাড়তে পারে। সমুদ্রবন্দরগুলোকে তিন নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
বুধবার দেশে সর্বোচ্চ বৃষ্টি হয়েছে চট্টগ্রামে, ৯০ মিলিমিটার। তবে ঢাকায় দিনে সামান্য বৃষ্টি হলেও সন্ধ্যার পর বৃষ্টি বাড়তে থাকে।
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051