মগবাজারে ঘটে যাওয়া ভয়াবহ বিস্ফোরণের ১৬ ঘণ্টা পর মগবাজার আউটার সার্কুলার রোডটি যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। সোমবার (২৮ জুন) দুপুর ১টার দিকে যান চলাচল শুরু হয়।
এর আগে, বেলা ১১টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করে প্রাথমিকভাবে নাশকতার আলামত পাওয়া যায়নি বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ। তিনি বলেন, সেখানে মিথেন গ্যাসের আলামত পাওয়া গেছে।
এছাড়া ঢাকা মেট্রো দক্ষিণ সিআইডির বিশেষ পুলিশ সুপার মো. কামরুজ্জামান বলেছেন, মগবাজারের দুর্ঘটনা গ্যাস সিলিন্ডার, গ্যাসলাইন, এসি বিস্ফোরণ অথবা বিদ্যুৎ থেকে হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছি।
তিনি আরও বলেন, অন্য কিছুর আলামত পাওয়া যায়নি। তবে যেসব আলামত সংগ্রহ করা হয়েছে তা ফরেনসিক করলে আরও বিস্তারিত জানা যাবে।
এদিকে, বিস্ফোরণের ঘটনায় বৈদ্যুতিক লাইনে কোনও সমস্যা পায়নি বলে জানিয়েছে ঢাকা বিদ্যুৎ বিতরণ কোম্পানি (ডিপিডিসি)। সেই সঙ্গে বৈদ্যুতিক শর্ট সার্কিটে এই ঘটনা ঘটেনি বলেও প্রাথমিক তদন্তের ভিত্তিতে দাবি করেছে সংস্থাটি।
ডিপিডিসির ব্যবস্থাপনা পরিচালক বিকাশ দেওয়ান সংবাদমাধ্যমকে বলেছেন, প্রাথমিক তদন্তে ভবনটির আশেপাশের সব বৈদ্যুতিক তার এবং ট্রান্সফরমার সবই অক্ষত দেখা গেছে। তবে ভেতরে কোনও ধরনের বৈদ্যুতিক ত্রুটি হয়েছিল কিনা তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
এদিকে, এ ঘটনার তদন্তে ডিপিডিসির নর্থ জোনের প্রধান প্রকৌশলী মো. আলী আশরাফকে দায়িত্ব দেওয়া হয়েছে। আজ সোমবার (২৮ জুন) বিকালে মধ্যে তার দল প্রতিবেদন জমা দেবে বলেও জানান বিকাশ দেওয়ান।
প্রকৌশলী আলী আশরাফ সংবাদমাধ্যমকে বলেন, আমরা বিস্ফোরণের পরপরই স্পটে যাই। তখন বাইরের সবঠিক ছিল। তবে, ভেতরটা ধ্বংসস্তুপ থাকায় তখন প্রবেশ করা যায়নি। আজ সিটি করপোরেশন এবং ফায়ার সার্ভিস জায়গাটি পরিষ্কার করবে। এরপর আমরা ভবনের ভেতর পরিদর্শন করে বিকালের মধ্যে প্রতিবেদন দেবো।
উল্লেখ্য, মগবাজার ওয়ারলেস গেট এলাকায় ভবনে বিস্ফোরণের ঘটনায় সাতজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৫০ জন। এদের মধ্যে তিনজনের অবস্থা খুবই আশঙ্কাজনক বলে জানিয়েছেন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের প্রধান সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন।
ভিন্নবার্তা ডটকম/এন
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051