উচ্চশিক্ষা নিয়ে বিশ্বের বিভিন্ন প্রতিষ্ঠানের গবেষণায় বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয় স্থান পায় না। এ জন্য বাংলাদেশে বিশ্ববিদ্যালয় বা বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশনের গবেষণা ও গবেষকদের তথ্য সংরক্ষণ না করাকে দায়ী করা হয়। এবার দেশে বিশ্ববিদ্যালয়ের গবেষণা ও গবেষকদের প্রকৃত তথ্য সংরক্ষণের উদ্যোগ নিয়েছে ইউজিসি। ফলে বিশ্ব র্যাংকিংয়ে বিশ্ববিদ্যালয়গুলো কাঙ্ক্ষিত স্থান অর্জন করতে সক্ষম হবে সংস্থাটি মনে করছে।
সোমবার (২৮ জুন) জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জন শীর্ষক একটি অনুষ্ঠানে এ তথ্য জানানো হয়। সভায় সিদ্ধান্ত হয়, গবেষণা ও গবেষকের প্রকৃত চিত্র জানতে ইউজিসি একটি ডাটাবেজ তৈরি করবে। গবেষণা, গবেষক ও গবেষণাকর্মে সহায়তাকারীদের তথ্য, গবেষণায় ব্যয়িত কর্মঘণ্টা সেখানে যুক্ত হবে।
এটা নিয়মিত মানা হলে বাংলাদেশের অনেক বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক র্যাংকিংয়ে স্থান পাবে। এই উদ্যোগ বাস্তবায়িত হলে ২০৩০ সালের মধ্যে দেশের বিশ্ববিদ্যালয়ে শিক্ষা ও গবেষণার মান কাঙ্ক্ষিত পর্যায়ে উন্নীত হবে এবং গবেষকের সংখ্যাও উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাবে বলে মনে করেন উদ্যোক্তরা।
ইউজিসি সদস্য বিশ্বজিৎ চন্দ বলেন, দেশে মানসম্পন্ন ও ফলধর্মী গবেষণার ব্যাপক অভাব রয়েছে। এ অবস্থা থেকে উত্তরণ ও কর্মপরিকল্পনা প্রয়োজন। ২০৪১ এর সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে মানসম্পন্ন শিক্ষা ও গবেষণার বিকল্প নেই। এ উদ্যোগের মাধ্যমে গবেষণার প্রকৃত চিত্র এবং কর্মপরিকল্পনা নির্ধারণ করতে সহজ হবে এবং বাংলাদেশের অনেক বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক কাঙ্ক্ষিত র্যাংকিংয়ে স্থান পাবে।
এসডিজি পরিবীক্ষণে বৈশ্বিক সূচক ৯.৫.২ এর ডাটা সরবরাহ বিষয়ে সোমবারের ভার্চুয়াল কর্মশালায় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো, বাংলাদেশ শিক্ষা তথ্য ও পরিসংখ্যান ব্যুরো ও ইউজিসির এসডিজি ট্রাকারের দায়িত্বপ্রাপ্ত ও সংশ্লিষ্ট কর্মকর্তারা যুক্ত ছিলেন।
ইউজিসির স্ট্র্যাটেজিক প্ল্যানিং অ্যান্ড কোয়ালিটি অ্যাসিওরেন্স বিভাগের পরিচালক ড. ফখরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কমিশনের সদস্য প্রফেসর ড. বিশ্বজিৎ চন্দ। কর্মশালায় এসপিকিউএ বিভাগের উপপরিচালক বিষ্ণু মল্লিক মূল প্রবন্ধ উপস্থাপন করেন।
ভিন্নবার্তা ডটকম/এন
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051