বহু প্রতীক্ষার অবসান ঘটিয়ে ইংল্যান্ডের সাউদাম্পটনে শুরু হচ্ছে সাদা জার্সির শ্রেষ্ঠত্বের লড়াই। বাংলাদেশ সময় বিকাল ৪টায় মুখোমুখি টেস্ট র্যাংকিংয়ের দুই শীর্ষ দল ভারত ও নিউজিল্যান্ড। কার মাথায় উঠবে সোনালি মুকুট— বিরাট কোহলির নাকি কেন উইলিয়ামসনের?
সেই জন্য অপেক্ষা করতে হবে সর্বোচ্চ পাঁচ দিন। শুভ্র পোশাকের ক্রিকেটের সিংহাসনে আরোহনে দুদলের মধ্যে জমজমাট লড়াই আশা করছে ক্রিকেটবিশ্ব।
ভেন্যু ও কন্ডিশন সবই নিরপেক্ষ। এখানে টিপ্পনি কাটার কোনো সুযোগ নেই যে, ভারত স্পিনবান্ধব উইকেট বানিয়ে ম্যাচ নিজের করে নিয়েছে। অথবা সবুজ ঘাসের বাউন্সি উইকেট বানিয়ে ভারতীয় ব্যাটসম্যানদের নাস্তানাবুদ করেছেন কিউই পেসার।
ইংল্যান্ডের কন্ডিশনে যারা নিজেদের খাপখাইয়ে নিতে পারবে, তাদের মুখেই ফুটবে শেষ হাসি। ঘরে উঠবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ট্রফি।
বহুল আলোচিত ফাইনালের জন্য কেমন একাদশ গড়েন ভারতীয় নির্বাচকরা? এ নিয়ে কৌতূহলের শেষ ছিল না। অবশ্য বৃহস্পতিবারই সেই কৌতূহল মিটিয়ে দিল ভারতীয় বোর্ড। একাদশ জানিয়ে দিয়েছে তারা।
ইংল্যান্ডের পেসবান্ধব উইকেটে একাদশে ঘূর্ণিবলে জাদু দেখাতে প্রস্তুত দুই স্পিনিং অলরাউন্ডার রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজা। পেস আক্রমণে থাকছেন জাসপ্রিত বুমরাহ, মোহাম্মদ শামি ও ইশান্ত শর্মা। একাদশে জায়গা হয়নি পেসার মোহাম্মদ সিরাজ ও উমেশ যাদবের।
পাঁচ বিশেষজ্ঞ বোলার ও ৫ দুর্দান্ত ব্যাটসম্যান নিয়ে ভারত মাঠে নামছে আজ। ব্যাটসম্যানদের মধ্যে থাকছেন টেস্টে দুর্দান্ত ফর্মে থাকা উইকেটকিপার-ব্যাটসম্যান ঋষভ পন্ত। অর্থাৎ কিপার-ব্যাটসম্যান ঋদ্ধিমান সাহার সুযোগ হয়নি।
ব্যাটিংয়ে চার অভিজ্ঞ বিরাট কোহলি, রোহিত শর্মা, চেতেশ্বর পূজারা ও আজিঙ্কা রাহানের সঙ্গে আছেন তরুণ ওপেনার শুভমান গিল। একনজরে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারত দলের একাদশ
বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা, শুভমান গিল, চেতেশ্বর পূজারা, আজিঙ্কা রাহানে, ঋষভ পন্ত (কিপার), রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, ইশান্ত শর্মা, মোহাম্মদ শামি, জাসপ্রিত বুমরাহ।
ভিন্নবার্তা ডটকম/এসএস
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051