গাজীপুরের টঙ্গীর তুরাগ তীরে অনুষ্ঠিত হচ্ছে ৫৮তম বিশ্ব ইজতেমা। তার প্রথম পর্বের প্রথম ধাপের আখেরি মোনাজাত শুরু হলো সকাল ৯টা ১১ মিনিটে।
আখেরি মোনাজাতের আগে সকাল ৬টা থেকে ঢাকার ৩০০ ফিট, ধওর ব্রিজ এবং ভোগড়া বাইপাস মোড় থেকে ইজতেমাগামী সব যানবাহনের চলাচল বন্ধ আছে। মুসল্লিরা ময়দান ত্যাগ করার পরই এসব সড়ক আবারও যান চলাচলের জন্য খুলে দেওয়া হবে।
বিশ্ব ইজতেমার অন্যতম আকর্ষণ যৌতুকবিহীন গণবিয়ে। শনিবার বাদ আসর ইজতেমা ময়দানের মূল বয়ানের মঞ্চে ৬৩ যুগলের বিয়ে সম্পন্ন হয়। মোহরে ফাতেমি অনুসারে আয়োজিত এই বিয়ে পড়ান ভারতের মাওলানা যোহাইরুল হাসান। শুরায়ে নিজামের ইজতেমা আয়োজক কমিটির সমন্বয়কারী হাবিবুল্লাহ রায়হান বলেন, ‘প্রতিবারের মতো এবারও ৬৩ যুগলের যৌতুকবিহীন গণবিয়ে অনুষ্ঠিত হয়েছে।’
বৃহস্পতিবার বাদ মাগরিব ভারতের মাওলানা ইব্রাহিম দেওলার আম বয়ানের মধ্য দিয়ে বিশ্ব ইজতেমার ৫৮তম জমায়েত শুরু হয়। প্রথম পর্বের তিন দিনের এই ইজতেমায় লাখো মুসল্লি অংশ নিয়েছেন। শুক্রবার অনুষ্ঠিত হয় দেশের বৃহৎ জুমার জামাত, যেখানে মুসল্লিদের ঢল নামে।
আয়োজকরা জানিয়েছেন, বিশ্ব ইজতেমার প্রথম পর্ব দুই ধাপে অনুষ্ঠিত হচ্ছে। প্রথম ধাপে ৩১ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি পর্যন্ত ৪১ জেলা ও ঢাকার একাংশের মুসল্লিরা অংশ নিয়েছেন। দ্বিতীয় ধাপে ৩ ফেব্রুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত ২২ জেলা ও ঢাকার বাকি অংশের মুসল্লিরা অংশ নেবেন।
প্রথম পর্ব শেষ হওয়ার আট দিন পর ১৪ ফেব্রুয়ারি থেকে শুরু হবে দ্বিতীয় পর্ব, যা আয়োজন করবেন ভারতের মাওলানা সাদ অনুসারীরা। ১৬ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে ২০২৫ সালের বিশ্ব ইজতেমার সমাপ্তি ঘটবে।
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051