সবকিছু ঠিক থাকলে শুক্রবার পর্দা উঠবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল)। আগামীকাল উদ্বোধনী দিনে দ্বিতীয় ম্যাচে সন্ধ্যা সাড়ে ৬টায় মিরপুরে মাঠের লড়াইয়ে অংশ নেবে খুলনা টাইগার্স বনাম মিনিস্টার ঢাকা।
ম্যাচের ঠিক আগের দিন খুলনার অধিনায়ক মুশফিকুর রহিম বললেন, টি-টোয়েন্টি ফরম্যাটে খেলা সত্যিই অনেক চ্যালেঞ্জিং। আর বিপিএল টি-টোয়েন্টিতে আমাদের সবচেয়ে বড় লিগ। বিশ্বব্যাপী বিপিএলের একটা সুনাম আছে।
জাতীয় দলের সাবেক এই অধিনায়ক আরও বলেন, বিপিএল কোয়ালিটি ক্রিকেট হয়, মানসম্পন্ন বিদেশি ক্রিকেটারও আছে। অবশ্যই একটা চ্যালেঞ্জ তো থাকেই। যেকোনো দলই চ্যাম্পিয়ন হতে চায়। আমরাও চাই ইনশাআল্লাহ্। শুরুটা খুব গুরুত্বপূর্ণ।
মুশফিক আরও বলেন, কাল শুরু হচ্ছে বিপিএল। শীর্ষ দুইয়ে থেকে যেন লিগপর্ব শেষ করতে পারি সেই চেষ্টা করব। আশা করি একটা শিরোপা যেন জিততে পারি, আর সেটা যেন এ বছরই হয়।
বিপিএলের গত ৭ আসরে অংশ নিয়ে শিরোপার স্বাদ পাননি মুশফিক, এবার সেই আক্ষেপ ঘোচাতে চান। তিনি বলেন, এটা সবার জন্য বড় সুযোগ, বিশেষ করে স্থানীয়দের জন্য। সামনে বিশ্বকাপসহ অনেক খেলা আছে। কোভিড পরিস্থিতি আগের মতো ভালো নেই। তারপরও যে খেলার সুযোগ পাচ্ছি, পরিবেশ পাচ্ছি এটা আমাদের জন্য অনেক বড় বিষয়। স্থানীয়দের জন্য অনেক বড় প্ল্যাটফর্ম। এখান থেকে অনেকেই ভালো পারিশ্রমিক পেয়ে থাকে।
মুশফিক আরও বলেন, বিসিবিকে ধন্যবাদ, অনেক প্রতিকূলতার মধ্যেও তারা চেষ্টা করে যাচ্ছেন। আশা করছি আমার দল ও অন্যান্য ফ্র্যাঞ্চাইজি সবাই সহায়তা করবেন, যেন বিপিএল ভালোমতো শেষ করতে পারি।
ভিন্নবার্তা ডটকম/আর
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051