আশা জেগেছিলো মাহমুদউল্লাহ রিয়াদ ও আফিফ হোসেনের ঝড়ো ব্যাটিংয়ে। কিন্তু ১৯তম ওভারের মধ্যেই সাজঘরে ফিরে যান এ দুজন। তবে শেষ ওভারে বিশেষ করে শেষ তিন বলে জাদু দেখান মোহাম্মদ সাইফউদ্দিন। সেই তিন বলে ৬, ৬ ও ৪ মেরে বাংলাদেশকে রেকর্ড সংগ্রহ এনে দেন সাইফ।
স্কটল্যান্ড ও ওমানের বিপক্ষে আশানুরূপ ব্যাটিং করতে পারেনি বাংলাদেশ ক্রিকেট দল। প্রথম ম্যাচে ১৩৪ ও পরেরটিতে দলীয় সংগ্রহ হয় মাত্র ১৫৩ রান। তবে আজ (বৃহস্পতিবার) প্রথম পর্বের শেষ ম্যাচে পাপুয়া নিউগিনির বিপক্ষে ১৮১ রানের বড় সংগ্রহই দাঁড় করিয়েছে টাইগাররা।
টি-টোয়েন্টি বিশ্বকাপের সাত আসরে এটিই বাংলাদেশের সর্বোচ্চ দলীয় সংগ্রহ। এছাড়া এবারের আসরেও সর্বোচ্চ দলীয় স্কোর নিজেদের করে নিয়েছে মাহমুদউল্লাহ রিয়াদের দল। এর পেছনে বড় অবদান অধিনায়ক মাহমুদউল্লাহর ঝড়ো ফিফটির।
টস জিতে ব্যাট করতে নেমে দ্বিতীয় বলেই সাজঘরে ফিরে গিয়েছিলেন নাইম শেখ। তবে বাংলাদেশকে চাপমুক্ত রাখেন লিটন দাস ও সাকিব আল হাসান। আগের ম্যাচের নায়ক সাকিব এবার খেলেন ৪৬ রানের ইনিংস, লিটনের ব্যাট থেকে আসে ২৯ রান।
পাঁচ নম্বরে নেমে ঝড় তোলেন অধিনায়ক মাহমুদউল্লাহ। তিনটি করে চার-ছয়ের মারে মাত্র ২৭ বলে তুলে নেন ফিফটি। যা এবারের আসরে দ্রুততম ফিফটির রেকর্ড। এরপর তিন চারের মারে আফিফের ব্যাট থেকে আসে ১৪ বলে ২১ রান।
এ দুজন ফিরে গেলে ১৯ ওভারে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ৭ ওভারে ১৬১ রান। মনে হচ্ছিলো, সেখান থেকে ১৭০ রান করাই কঠিন হবে। কিন্তু ওভারের পঞ্চম বলে ছক্কা হাঁকান সাইফ। পরের বলটি হয় নো, সেটিতেও ছক্কা মারেন এ অলরাউন্ডার। আর শেষ বলে বাউন্ডারিতে বাংলাদেশকে সর্বোচ্চ রানের রেকর্ড পৌঁছে দেন তিনি।
বিশ্বকাপে এতদিন ধরে বাংলাদেশের সর্বোচ্চ দলীয় সংগ্রহ ছিলো ওমানের বিপক্ষে করা ২ উইকেটে ১৮০ রান। ২০১৬ সালের আসরে তামিম ইকবালের সেঞ্চুরিতে ভর করে ওমানের বিপক্ষে এই রান করেছিল বাংলাদেশ। সেটি এবার নেমে গেলো দুইয়ে।
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের সর্বোচ্চ দলীয় সংগ্রহ
১৮১/৭ বনাম পাপুয়া নিউগিনি (২০২১)
১৮০/২ বনাম ওমান (২০১৬)
১৭৫/৬ বনাম পাকিস্তান (২০১২)
১৬৫/৪ বনাম ওয়েস্ট ইন্ডিজ (২০০৭)
১৫৬/৫ বনাম অস্ট্রেলিয়া (২০১৬)
ভিন্নবার্তা ডটকম/এন
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051